প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৪:৫৭ পিএম

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সার গোপনে মজুতের অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে দলবদ্ধ বাধা ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন দুই সাংবাদিক। পরে তাঁদের বিরুদ্ধে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ তুলে মিছিল ও অপপ্রচার চালানো হয়েছে বলেও দাবি তাঁদের। তবে সাংবাদিকরা এ অভিযোগ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন।
ভুক্তভোগী সাংবাদিকরা হলেন গ্রীন টিভির রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধি মো. প্রিন্স মাহমুদ ও আসাদ মিয়া। তাঁদের ভাষ্য, উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের চতলাখালী বড়ইতলা বাজারে সাব-ডিলার শিরিন শীলার জনতা ট্রেডার্সের সার আলমের একটি কীটনাশকের দোকানে মজুত রাখার খবর পেয়ে তাঁরা সেখানে যান। এ সময় ডিএপি ও টিএসপিসহ প্রায় ৮০ বস্তা সার দেখতে পান এবং ভিডিও ধারণ করেন। আলমকে ফোন করলে তিনি সারগুলো শিরিন শীলা তাঁর দোকানে রেখে গেছেন বলে জানান। পরে কৃষি কর্মকর্তার বক্তব্য নিয়ে একই দিন সন্ধ্যায় আলমের বক্তব্য নিতে আবার দোকানে গেলে তাঁর উদ্যোগে কয়েকজন ব্যক্তি জড়ো হয়ে সাংবাদিকদের ঘিরে ধরেন বলে অভিযোগ করেন তাঁরা। পরে গ্রাম পুলিশের সদস্যরা তাঁদের সেখান থেকে সরিয়ে নেন।
সাংবাদিকদের দাবি, ঘটনাস্থল ছাড়ার পর তাঁদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ তুলে মিছিল করা হয়। এ ঘটনায় তাঁরা রাঙ্গাবালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এবং উপজেলা প্রশাসনকে বিষয়টি জানিয়েছেন বলে জানান। তাঁদের কাছে ঘটনার ভিডিও রেকর্ডিং রয়েছে বলেও দাবি করেন। তবে সার মজুতের বৈধতা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সাব-ডিলার শিরিন শীলা ও আলমের বক্তব্য জানতে চেষ্টা করেও পাওয়া যায়নি। সাংবাদিকরা সংরক্ষিত ভিডিও, নথি ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য যাচাই করে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
স্বদেশ প্রতিদিন/এস পি