বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসা      ● রাজাপুরে সরকারের অগ্রাধিকার কর্মসূচি নিয়ে তথ্য অফিসের ফ্যামিলি সমাবেশ      ● গুরুদাসপুরে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণে আগ্রহ বাড়ছে      ● রাঙ্গাবালীতে তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক      ● দিনাজপুরের বোঁচাগঞ্জে জনসম্পৃক্ততা বাড়াতে ১০ ফেডারেশনের সমন্বয় সভা      ● মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী আজ      ● হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু      ● শীতের অসুখ এড়াতে খাদ্যতালিকায় রাখুন ৬ উপাদান      ● কৃষক হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার      ● অবৈধ ইটভাটা বন্ধ করে ১৪ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ      ● এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু ১ ডিসেম্বর      ● অপারেশনাল সক্ষমতা বাড়াতে আনসার ব্যাটালিয়নের ১৪ দিনের প্রশিক্ষণ      
মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসা
মাসুদ রানা , মোংলা
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৫:১৭ পিএম

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ৪ একর জমির উপর দাঁড়িয়ে থাকা ৫০ শয্যার ভবনটির দিকে তাকালেই বোঝা যায় এর জরাজীর্ণ দশা। বাইরে থেকে পলেস্তারা খসে পড়েছে, ভেতরে ছাদ চুঁইয়ে পড়ছে পানি, মেঝে সবসময় থাকে স্যাঁতসেঁতে। পিলার ও বিমে ফাটল, কোথাও কোথাও বের হয়ে গেছে মরিচা ধরা লোহার রড।

এটিই মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র। বঙ্গোপসাগর লাগোয়া সুন্দরবন সংলগ্ন উপকূলের প্রায় ২ লাখ মানুষের চিকিৎসার একমাত্র ভরসা। অথচ এই হাসপাতালের অর্ধেকেরও বেশি জায়গা ইতিমধ্যে পরিত্যক্ত ঘোষণা করেছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। তারপরও রোগীর চাপ ও বিকল্প জায়গা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে সেই পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে চিকিৎসা সেবা। যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় দুর্ঘটনা।

বৃহস্পতিব্র সকালে সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায় এক হৃদয়বিদারক চিত্র। পুরুষ, মহিলা ও গাইনি-তিনটি ওয়ার্ডের কোথাও শুকনো মেঝে নেই। বালতি পেতে রাখা হয়েছে ছাদ থেকে পড়া পানি ধরার জন্য। রোগীর বেডের পাশেই ছাদ থেকে পলেস্তারা খসে পড়ে আছে।


গাইনি ওয়ার্ডে ভর্তি বৃদ্ধা করিমন বেগম (৮৫) বলেন, দুই দিন ধরে এখানে ভর্তি। রাতে ঘুমাতে পারি না, ভয় লাগে কখন যেন ছাদ ভেঙে পড়বে। সাখে নাতিটাকে নিয়ে আছি খুব আতঙ্কে।

পাশের বেডের এক রোগীর স্বজন বলেন, এটা কি হাসপাতাল না ভূতের বাড়ি? সরকারি হাসপাতাল বলে এসেছি, কিন্তু এখানে সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাচ্ছে।

কর্তব্যরত একজন নার্স নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা প্রতিদিন আতঙ্ক নিয়ে ডিউটি করি। মাথার উপর দিয়ে পানি পড়ে, দেয়াল থেকে রড বের হয়ে আছে। কখন কি হয় বলা যায় না। আমরা নিজেরাও ঝুঁকিতে আছি।

হাসপাতাল সূত্রে জানা যায়, ১৯৯৮ সালের ২৩ মে ৪ একর জমির উপর ৩১ শয্যা নিয়ে যাত্রা শুরু করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। শুরু থেকেই চিকিৎসক সংকট ছিল। ১৩ জন ডাক্তার থাকার কথা থাকলেও তখন ছিলেন মাত্র ৭ জন।

২০০৬ সালের প্রথম দিকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। কাগজে কলমে শয্যা বাড়লেও বাড়েনি সেবার মান। ৫০ শয্যার হাসপাতালে ৩৮ জন ডাক্তার থাকার কথা থাকলেও বর্তমানে আছেন মাত্র ৯ জন। অর্থাৎ ৭৬% চিকিৎসকের পদ শূন্য। নার্স, টেকনিশিয়ান ও কর্মচারী সংকটও প্রকট।

এই ৯ জন ডাক্তার দিয়েই প্রতিদিন বহির্বিভাগ ২০০-৩০০ রোগী এবং অন্তঃবিভাগে ১২০ থেকে ১৩০ জন ভর্তি রোগীর চিকিৎসা চলছে। ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুণেরও বেশি রোগী গাদাগাদি করে ভর্তি থাকছেন মেঝেতে, বারান্দায় বা চলাচলের পথে।

মোংলা পোর্ট পৌরসভাসহ উপজেলার প্রায় ২ লাখ মানুষের জন্য একমাত্র সরকারি হাসপাতাল এটি। শুধু মোংলা নয়, সুন্দরবন সংলগ্ন রামপাল, মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলার প্রত্যন্ত এলাকা থেকেও রোগীরা এখানে আসেন চিকিখসা নিতে । বন্দর এলাকা হওয়ায় শ্রমিক, জেলে ও দিনমজুরদের বড় একটি অংশের চিকিৎসা নির্ভর করে এই হাসপাতালের উপর।


হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ২০১৬ সাল থেকেই ভবনটির অবস্থা নাজুক হতে শুরু করে। লবণাক্ত আবহাওয়া ও রক্ষণাবেক্ষণের অভাবে দ্রুত নষ্ট হতে থাকে ভবনটি। তিনটি ওয়ার্ড থেকেই পানি পড়া শুরু হয়। সেই থেকে প্রতিকারের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে ৮ থেকে ১০ বার লিখিতভাবে জানানো হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষে পক্ষ থেকে।

সর্বশেষ ২০২৫ সালের ১ জুলাই আবারও চিঠি দিয়ে জানালে গোপালগঞ্জ, বাগেরহাট ও বরিশালের সমন্বয়ে গঠিত স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (এইচইডি) একটি প্রতিনিধি দল সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তারা হাসপাতালের একটি বড় অংশকে ঝুঁকিপূর্ণ ও ব্যবহারের অনুপযোগী হিসেবে পরিত্যক্ত ঘোষণা করেন।

কিন্তু পরিত্যক্ত ঘোষণা করলেই তো সমাধান হয় না। নতুন ভবন না থাকায় এবং রোগীর অত্যাধিক চাপে সেই পরিত্যক্ত ঘোষিত ওয়ার্ডেই বাধ্য হয়ে রোগী ভর্তি ও চিকিৎসা সেবা দিতে হচ্ছে।

বর্তমানে ডাক্তার, নার্স, রোগী, রোগীর স্বজনসহ পথচারীরা সবাই ঝুঁকির মধ্যে রয়েছেন। যে কোনো সময় ছাদের বড় একটি অংশ ধসে পড়ে প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

এ বিষয়ে মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শাহিন বলেন, আমরা চরম ঝুঁকির মধ্যে সেবা দিয়ে যাচ্ছি। ভবনটি যে কোনো সময় ধসে পড়তে পারে। আমরা বারবার জানিয়েছি। নতুন ভবন নির্মাণ ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয়। দ্রুত নতুন ভবনের অনুমোদন প্রয়োজন এবং এর প্রতিকারের প্রত্যাশা করছি।

এলাকাবাসীর দাবি, মোংলা বন্দর, উপজেলা ও পৌর এলাকার গুরুত্ব বিবেচনা করে মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করে নতুন, আধুনিক ও ঝুঁকিমুক্ত ভবন নির্মাণ করা হোক। অন্যথায় ২ লাখ মানুষের চিকিৎসা সেবা চরমভাবে ব্যাহত হবে এবং যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  মোংলা   বাগেরহাট   মোংলা স্বাস্থ্য কমপ্লেক্স   হাসপাতালের জরাজীর্ণ ভবন   চিকিৎসাসেবা   চিকিৎসক সংকট   স্বাস্থ্যঝুঁকি   নতুন হাসপাতাল ভবন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close