
সুন্দরবন ভ্রমণে গিয়ে এক পর্যটক নিখোঁজের পর তাঁর মরদেহ উদ্ধারের ঘটনায় পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে কাঠের তৈরি পর্যটকবাহী ট্রলারে তিন দিনের ভ্রমণ ও রাত্রিযাপনের অনুমতি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে বন বিভাগ। তবে এক দিনের ভ্রমণের অনুমতি আগের নিয়মেই চালু থাকছে।
বন বিভাগের এ সিদ্ধান্তে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে স্থানীয় পর্যটন ব্যবসায়ী, ট্রলারমালিক ও ট্যুর গাইডদের মধ্যে। তাঁদের আশঙ্কা, দীর্ঘমেয়াদে এ নিষেধাজ্ঞা বহাল থাকলে সুন্দরবনকেন্দ্রিক পর্যটনশিল্প, স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও এ খাতের সঙ্গে জড়িত কয়েক হাজার মানুষের জীবিকায় নেতিবাচক প্রভাব পড়বে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৬ নভেম্বর সুন্দরবন ভ্রমণে গিয়ে নিখোঁজ হন ময়মনসিংহের ভালুকার পর্যটক রিয়াজ আহমেদ। পরে ৮ নভেম্বর রাতে দুবলার চরের আলোরকোলের মাথারখাল এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর ৮ ও ৯ নভেম্বর বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সাতক্ষীরা রেঞ্জ থেকে কাঠের তৈরি ট্রলারে তিন দিনের ভ্রমণ ও রাত্রিযাপনের অনুমতি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
পশ্চিম সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বলেন, আপাতত সাতক্ষীরা রেঞ্জ থেকে কাঠের বডির ট্রলারে তিন দিনের ভ্রমণ ও রাত্রিযাপনের অনুমতি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে এক দিনের ভ্রমণের অনুমতি আগের নিয়মেই চালু থাকবে। এ বিষয়ে পরিপত্র জারির প্রস্তুতি চলছে।
নিষেধাজ্ঞা কত দিন বহাল থাকবে জানতে চাইলে তিনি বলেন, আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হচ্ছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন মহলে আলোচনা চলছে। পরবর্তী সিদ্ধান্ত পরে জানানো হবে।
এদিকে বন বিভাগের এ সিদ্ধান্তকে হঠকারী উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা। তাঁদের দাবি, একটি দুর্ঘটনার পর পুরো সাতক্ষীরা রেঞ্জের তিন দিনের পর্যটন কার্যক্রম বন্ধ না করে দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং নিরাপত্তাব্যবস্থা জোরদার করা প্রয়োজন।
পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, ‘সাতক্ষীরার আকর্ষণ, সড়ক পথে সুন্দরবন’ জেলার অন্যতম ব্র্যান্ডিং। সাতক্ষীরা রেঞ্জ দিয়ে সুন্দরবনের গভীর অরণ্য, নদী-খাল ও নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে দেশ-বিদেশের পর্যটকেরা আসেন। তিন দিনের ভ্রমণ ও রাত্রিযাপনের অনুমতি বন্ধ থাকলে পর্যটকদের আগ্রহ কমবে। পাশাপাশি স্থানীয় অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে।
পর্যটকবাহী বোটের মালিক জাহাঙ্গীর আলম বলেন, ঋণ-দেনা করে তাঁরা পর্যটকবাহী বোট তৈরি করেছেন। এখন অনুমতি বন্ধ হয়ে গেলে তাঁদের পথে বসতে হবে। কীভাবে ঋণের টাকা পরিশোধ করবেন, তা নিয়ে তাঁরা দুশ্চিন্তায় রয়েছেন। দ্রুত বন বিভাগের সিদ্ধান্ত পরিবর্তন করে তিন দিনের ভ্রমণের অনুমতি পুনরায় চালুর দাবি জানান তিনি।
মুন্সিগঞ্জ ট্রলার মালিক সমিতির ক্যাশিয়ার মো. জাহাঙ্গীর আলম বলেন, প্রায় ৩৫ বছর ধরে মুন্সিগঞ্জ থেকে পর্যটকেরা সুন্দরবনে যাতায়াত করছেন। এর আগে এমন দুর্ঘটনা ঘটেনি। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এ ঘটনার পর তিন দিনের পাস বন্ধ করে দেওয়া হলে পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা চরম ক্ষতির মুখে পড়বেন।
সুন্দরবনের ট্যুর গাইড জিএম মাসুম বিল্লাহ বলেন, সাতক্ষীরা রেঞ্জে এ ধরনের দুর্ঘটনা নতুন হলেও সুন্দরবনের অন্যান্য এলাকায় আগেও পর্যটক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর কচিখালীর ডিমের চরে গোসল করতে নেমে স্রোতের টানে ডুবে মারা যান আব্দুল্লাহ (১৬) নামের এক পর্যটক। ২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি পশুর নদ এলাকায় পর্যটকবাহী একটি জালিবোট ডুবে গেলে ১৩ পর্যটককে জীবিত উদ্ধার করা হয়। এ ছাড়া ২০২৫ সালের ৮ নভেম্বর ঢাংমারি খালেও ১৩ পর্যটক নিয়ে আরেকটি জালিবোট ডুবে যাওয়ার ঘটনা ঘটে।
তিনি বলেন, এসব দুর্ঘটনার পরও পর্যটন কার্যক্রম বন্ধ করা হয়নি। পর্যটকদের অসতর্কতা কিংবা নিরাপত্তাব্যবস্থার ঘাটতি থেকে দুর্ঘটনা ঘটে থাকলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু একটি দুর্ঘটনার পর সাতক্ষীরা রেঞ্জে তিন দিনের ভ্রমণ ও রাত্রিযাপনের অনুমতি বন্ধ করে দেওয়া কতটা যৌক্তিক, তা বিবেচনা করা প্রয়োজন।
সংশ্লিষ্টদের মতে, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা অবশ্যই জরুরি। তবে নিরাপত্তাব্যবস্থা জোরদারের পাশাপাশি স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের জীবিকা ও সুন্দরবনকেন্দ্রিক পর্যটনশিল্পের স্বার্থও বিবেচনায় নেওয়া উচিত। তাই তিন দিনের ভ্রমণ ও রাত্রিযাপনের অনুমতি বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন তাঁরা।
স্বদেশ প্রতিদিন/এস পি