প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১:০৭ পিএম

দেশের কারাগারগুলোতে নিরাপত্তা জোরদার, শৃঙ্খলা প্রতিষ্ঠা ও জবাবদিহি নিশ্চিত করতে সাত দফা নির্দেশনা বাস্তবায়ন করছে কারা অধিদপ্তর। নির্দেশনার মধ্যে রয়েছে লকআপের পরবর্তী কার্যক্রম নিয়ন্ত্রণ, ২৪ ঘণ্টা সিসিটিভি নজরদারি, দায়িত্বে অননুমোদিত অনুপস্থিতির বিরুদ্ধে ব্যবস্থা, কর্মকর্তাদের জবাবদিহি এবং আকস্মিক পরিদর্শন। এ ছাড়া দায়িত্বে অবহেলাকারী কর্মীদের পুনঃপ্রশিক্ষণ, কাউন্সেলিং ও প্রয়োজনে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কারা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল মেসবাহুল আলম সেলিম বাসসকে জানান, সাত দফা নির্দেশনার অন্তত ৯০ শতাংশ বাস্তবায়ন করা হয়েছে। নির্দেশনাগুলোর কার্যকারিতা যাচাইয়ে দেশের প্রতিটি কারাগারে প্রতিদিন তদারকি করা হচ্ছে। পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে অধিদপ্তরের অপারেশনাল শাখাকে। কোনো প্রহরী বা পাহারাদার অনুমতি ছাড়া নির্ধারিত স্থান ত্যাগ করলে তাৎক্ষণিক প্রতিবেদন দিতে হবে এবং নিয়ম অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নিতে হবে। দায়িত্বে অবহেলার ঘটনা গোপন করা বা ব্যবস্থা নিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক কর্মকর্তাদেরও জবাবদিহি করতে হবে।
নির্দেশনা অনুযায়ী, জরুরি পরিস্থিতি ছাড়া লকআপের পর কোনো কার্যক্রম পরিচালনায় জেলারের লিখিত অনুমোদন নিতে হবে এবং তা রেজিস্টারে নথিভুক্ত করতে হবে। প্রতিটি কারাগারে সার্বক্ষণিক সিসিটিভি নজরদারি নিশ্চিত করার পাশাপাশি বৃষ্টি ও বজ্রপাতের মতো প্রতিকূল আবহাওয়ায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখতে হবে। কারাগারের সুপারিনটেনডেন্ট, জেলার ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়মিত তদারকির পাশাপাশি আকস্মিক পরিদর্শন করতে হবে। আগামী তিন থেকে চার মাসের মধ্যে এসব পদক্ষেপের সুফল দৃশ্যমান হবে বলে আশা প্রকাশ করেছেন কারা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক।
স্বদেশ প্রতিদিন/এস পি