প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ২:৫৯ পিএম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরতে সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দি বিনিময় চুক্তির আওতায় দিল্লি থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানানোর পর সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, পলাতক ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনাকে সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু করা হবে না।
এ সময় চীন, বাংলাদেশ ও মিয়ানমারকে নিয়ে পরিকল্পিত ত্রিপক্ষীয় করিডোর বাস্তবায়িত হলে পুরো অঞ্চলটি বড় বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হতে পারে বলে মন্তব্য করেন হুমায়ুন কবির। তিনি বলেন, এ করিডোরে যুক্ত হতে ঢাকার যথেষ্ট আগ্রহ রয়েছে। তবে এর আগে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান প্রয়োজন। লিউ হাইশিংয়ের সফরের মধ্য দিয়ে ভবিষ্যতে চীন ও বাংলাদেশের দ্বিপক্ষীয় ও কৌশলগত সম্পর্ক আরও গভীর ও গতিশীল হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
স্বদেশ প্রতিদিন/এস পি