প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১২:২৮ পিএম আপডেট: ০৬.১১.২০২৬ ১২:৪৬ PM

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের পঞ্চম চালান। শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কঠোর নিরাপত্তা ও বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে জ্বালানিবাহী লরিগুলো প্রকল্প এলাকায় প্রবেশ করে। এর আগে ৩১ অক্টোবরের মধ্যে চারটি চালান পৌঁছেছিল। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, মোট নয়টি চালানে এসব পারমাণবিক জ্বালানি বাংলাদেশে আনা হচ্ছে। বাকি চালানগুলো আগামী ডিসেম্বরের মধ্যে পৌঁছানোর কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রূপপুরের দ্বিতীয় ইউনিটের প্রাথমিক জ্বালানি হিসেবে ১৬৩টি এবং প্রথম ইউনিটের অতিরিক্ত জ্বালানি হিসেবে ৪৮টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি সরবরাহ করা হবে। এদিকে প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরু হয়েছে। কেন্দ্রটি বর্তমানে ২০ শতাংশ তাপীয় ক্ষমতা অর্জন করেছে। এ ক্ষমতা ৩৫ থেকে ৪০ শতাংশে পৌঁছালে টারবাইন ও জেনারেটর চালুর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। প্রথম ধাপে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, পাঁচ থেকে ছয় সপ্তাহের মধ্যে, অর্থাৎ ডিসেম্বরের প্রথমার্ধে বা তার আগেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। প্রথম ছয় মাসের মধ্যে প্রথম ইউনিট থেকে ১ হাজার ১০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ পাওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। প্রকল্পটির দুটি ইউনিট পুরোপুরি চালু হলে জাতীয় গ্রিডে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে।
স্বদেশ প্রতিদিন/এস পি