প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১১:১৭ AM

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ আরও বিস্তৃত করা হবে কি না, সে বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রয়োজনে ইরানের ‘বাকি অংশও ধ্বংস করে দিতে হতে পারে’ বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের পর ইরান যুদ্ধ নিয়ে তাঁর প্রশাসনের ওপর রাজনৈতিক চাপ বাড়ার প্রেক্ষাপটে এ বক্তব্য সামনে এলো। আগামী জানুয়ারিতে নতুন কংগ্রেসের অধিবেশন শুরুর আগে ট্রাম্প সামরিক অভিযান আরও জোরদার করতে পারেন বলে আশঙ্কা করছেন কয়েকজন বিশ্লেষক। তবে কংগ্রেসের নিয়ন্ত্রণে পরিবর্তন এলেই যুদ্ধ বন্ধ হবে, এমন নিশ্চয়তা নেই।
যুদ্ধ নিয়ে ট্রাম্পের বক্তব্যে ভিন্নতাও দেখা যাচ্ছে। ফিন্যান্সিয়াল টাইমসকে তিনি জানিয়েছেন, আপাতত বড় ধরনের নতুন হামলার পরিকল্পনা নেই, তবে প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে। অন্যদিকে, পলিটিকোকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর সিদ্ধান্তকে সঠিক বলে দাবি করেন তিনি। ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে যুদ্ধেরও ভূমিকা ছিল। তবে ফক্স নিউজকে তিনি নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের কারণ হিসেবে যুদ্ধের চেয়ে জ্বালানি তেলের দামকে বেশি গুরুত্ব দিয়েছেন।
স্বদেশ প্রতিদিন/এস পি