প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৩:১২ পিএম

নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক স্বাধীনতা, শিক্ষা ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, নারীর অগ্রগতি শুধু কতজন নারী শীর্ষ পদে পৌঁছেছেন, তা দিয়ে পরিমাপ করা যায় না; বরং অন্য নারীদের জন্য কতটা সুযোগ তৈরি হচ্ছে এবং সমাজ ও কর্মক্ষেত্রে তাদের নেতৃত্ব কতটা ইতিবাচক প্রভাব ফেলছে, সেটিই প্রকৃত অগ্রগতির মাপকাঠি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ওম্যান লিডারশিপ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ৩০তম ইউএস ট্রেড শোর অংশ হিসেবে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) ও ঢাকার মার্কিন দূতাবাস এ সেমিনারের আয়োজন করে। জুবাইদা রহমান বলেন, দেশের জনসংখ্যার ৫০ দশমিক ৮ শতাংশ নারী হলেও বাল্যবিয়ে, শিক্ষার সীমাবদ্ধতা ও স্বাস্থ্যসেবার অভাবে অনেক নারী এখনো অর্থনীতির মূলধারায় যুক্ত হতে পারছেন না। আইএলওর ২০২৫ সালের হিসাব অনুযায়ী, বাংলাদেশে শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণের হার ৩৮ দশমিক ৬ শতাংশ, পুরুষের ৮০ দশমিক ৪ শতাংশ।
নারীদের শিক্ষা ও কর্মসংস্থানের মধ্যে কার্যকর সংযোগ তৈরির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার স্নাতক পর্যায় পর্যন্ত মেয়েদের বিনা মূল্যে শিক্ষার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। নারীর অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ কর্মসূচির কথাও তুলে ধরেন তিনি। এ ছাড়া প্রায় এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগের ৮০ শতাংশ পদে নারী নিয়োগ এবং ২৫ হাজার পেশাদার মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনার কথা জানান। নারীদের কর্মজীবন নির্বিঘ্ন করতে দেশজুড়ে দিবাযত্ন কেন্দ্র গড়ে তোলা এবং প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিনসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার প্রতিনিধিরা প্যানেল আলোচনায় অংশ নেন।
স্বদেশ প্রতিদিন/এস পি