প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১২:৫৫ পিএম

বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে (জামালপুর জেলা স্টেডিয়াম) শুরু হলো দেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ আসর ‘২৮তম ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) ২য় একাদশ ২০২৬-২৭’-এর খেলা।
আজ সকালে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই টুর্নামেন্টের শুভ সূচনা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য এড. শাহ্ মো: ওয়ারেছ আলী মামুন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জামালপুরের মাটিতে জাতীয় ক্রিকেট লিগের এই আয়োজন আমাদের ক্রীড়াঙ্গনের জন্য একটি অত্যন্ত আনন্দের ও গৌরবের বিষয়। খেলাধুলা তরুণ প্রজন্মকে সুস্বাস্থ্য রক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে বড় ভূমিকা রাখে। আমরা আশা করি, জামালপুর স্টেডিয়ামের এই মাঠ থেকে আগামী দিনে জাতীয় দলের জন্য তারকা ক্রিকেটার উঠে আসবে। জেলার খেলাধুলার অবকাঠামোগত উন্নয়নে আমরা সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখব।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ডা. মোহাম্মদ আজিজুল হক। এ ছাড়া গেস্ট অব অনার হিসেবে অনুষ্ঠানে যুক্ত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, “বিসিবি সারা দেশেই ক্রিকেটকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। ঢাকার বাইরে এমন সুসংগঠিত আঞ্চলিক ভেন্যুগুলোতে খেলা আয়োজনের মাধ্যমে উদীয়মান ও তরুণ ক্রিকেটারদের প্রতিভা বিকাশের সুবর্ণ সুযোগ তৈরি হচ্ছে। জামালপুরের চমৎকার ক্রিকেটবান্ধব পরিবেশ আমাদের দারুণভাবে আশান্বিত করেছে।”
ময়মনসিংহ বনাম ঢাকা বিভাগের রোমাঞ্চকর লড়াই
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই মাঠে নেমেছে ময়মনসিংহ বিভাগ ও ঢাকা বিভাগ। দুই দলের তরুণ ও উদীয়মান ক্রিকেটারদের অংশগ্রহণে ম্যাচটি ঘিরে স্থানীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে। স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত দর্শকরা চমৎকার এই ম্যাচটি উপভোগ করছেন।
জামালপুরে এ ধরনের জাতীয় পর্যায়ের ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করায় স্থানীয় ক্রীড়ামোদীরা আনন্দ প্রকাশ করেছেন।
স্বদেশ প্রতিদিন/এস পি