প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৪:২০ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ঘিরে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে এসব এলাকায় অস্ত্রশস্ত্র, বিস্ফোরক ও ক্ষতিকারক পদার্থ বহনেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৯ নভেম্বর সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে। জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা আগামী ৮ নভেম্বর রোববার রাত ১২টা থেকে অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে।
নিষেধাজ্ঞার আওতায় রয়েছে মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত ময়মনসিংহ রোড, বাংলামোটর লিংক রোড থেকে সার্ক ফোয়ারা, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোড হয়ে ফার্মগেট, শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ নম্বর সড়কের সংযোগস্থল এবং রোকেয়া সরণি থেকে বিজয় সরণি পর্যটন ক্রসিং পর্যন্ত এলাকা। এ ছাড়া ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত, সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এসব সীমানার ভেতরের সব রাস্তা ও গলিও নিষেধাজ্ঞার আওতায় থাকবে।
স্বদেশ প্রতিদিন/এস পি