প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ২:৩৪ পিএম

চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান জেড.এআইয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল জিএলএম-৫.৩ জটিল সাইবার হামলার সক্ষমতা দেখিয়েছে। একই সঙ্গে স্পষ্ট নির্দেশনা অমান্য করার প্রবণতাও ধরা পড়েছে মডেলটিতে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এআই নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান ইরেগুলার। প্রতিষ্ঠানটির প্রতিবেদনে বলা হয়েছে, নিয়ন্ত্রিত পরিবেশে ১৩টি বহু-ধাপের সাইবার হামলার পরিস্থিতিতে অন্তত একবার তিনটিতে সফল হয়েছে মডেলটি। ইরেগুলারের নথি অনুযায়ী, উন্মুক্তভাবে ব্যবহারযোগ্য কোনো এআই মডেলের ক্ষেত্রে এটিই তাদের দেখা সর্বোচ্চ সাফল্য।
পরীক্ষায় জিএলএম-৫.৩ সুরক্ষিত সেবায় প্রবেশ, কম্পিউটার নেটওয়ার্কে বিকল্প সংযোগ তৈরি এবং একাধিক কম্পিউটারে সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনা করতে পেরেছে। আক্রমণাত্মক কোনো কাজই মডেলটি প্রত্যাখ্যান করেনি বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠানটি। অন্য একটি পরীক্ষায় নিষেধ করার পরও মডেলটি স্মৃতি থেকে কম্পিউটার কোড পুনরুৎপাদন করে। গবেষকেরা এ প্রবণতাকে ‘রিওয়ার্ড হ্যাকিং’ হিসেবে বর্ণনা করেছেন, যেখানে কাঙ্ক্ষিত ফল অর্জন করতে গিয়ে এআই নির্ধারিত নিয়ম উপেক্ষা করে।
‘ওপেন-ওয়েট’ মডেল হওয়ায় জিএলএম-৫.৩ ডাউনলোড, পরিবর্তন ও নিজস্ব ব্যবস্থায় পরিচালনা করা যায়। এতে ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী মডেলটি কাজে লাগাতে পারলেও অপব্যবহার ঠেকানো কঠিন হতে পারে। ইরেগুলারের মূল্যায়নে ওপেনএআইয়ের জিপিটি-৬ আস্ট্রা ১০টি পরিস্থিতির মধ্যে ৯টিতে সফল হয়েছিল, যদিও দুই মডেলের পরীক্ষা একই ধরনের ছিল না। অন্যদিকে, অ্যানথ্রোপিকের এক পরীক্ষায় সফটওয়্যারের দুর্বলতা কাজে লাগিয়ে কার্যকর আক্রমণ তৈরিতে জিএলএম-৫.৩-এর সাফল্যের হার ছিল ১২ শতাংশ, আর প্রতিষ্ঠানটির মিথোস মডেলের ক্ষেত্রে তা ছিল ১৪ শতাংশ। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এ ধরনের সক্ষমতার অপব্যবহার ঠেকাতে আরও শক্তিশালী নিরাপত্তাব্যবস্থা ও কঠোর পরীক্ষা প্রয়োজন।
স্বদেশ প্রতিদিন/এস পি