প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৫:১৪ পিএম

দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’। আগামী ৫ নভেম্বর রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) যৌথভাবে এর আয়োজন করছে। সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি জানান, ৫ নভেম্বর সকাল ১০টায় সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হবে। সামিটের প্রতিপাদ্য ‘আগামী দিনের অর্থনীতির জন্য এআই-করণ’। এতে ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার, উদ্ভাবন এবং অর্থনৈতিক রূপান্তরের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হবে।
সামিটে তিনটি বিষয়ভিত্তিক অধিবেশন থাকবে। প্রথম অধিবেশনে এআইয়ের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ, অর্থনৈতিক রূপান্তর এবং এ-সংক্রান্ত নীতি, দক্ষতা ও অবকাঠামোগত চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হবে। দ্বিতীয় অধিবেশনে ব্যবসায়িক উদ্ভাবন ও প্রযুক্তি হস্তান্তরে শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিল্প খাতের অংশীদারত্ব গুরুত্ব পাবে। বিকেল ৩টায় তৃতীয় অধিবেশনে ব্যবসায়িক কাজে এআই এজেন্টের ব্যবহার এবং অর্ডার প্রক্রিয়াকরণ ও লেনদেন সমন্বয়ের মতো বাস্তব সমস্যা সমাধানে এর ভূমিকা নিয়ে আলোচনা হবে।
আয়োজকদের প্রত্যাশা, সম্মেলনে করপোরেট খাতের শীর্ষ কর্মকর্তা, ব্যবসায়ী, দেশি-বিদেশি প্রযুক্তি বিশেষজ্ঞ ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিসহ সহস্রাধিক ব্যক্তি অংশ নেবেন। পাশাপাশি দেড় শতাধিক স্টার্টআপ ও প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান তাদের পণ্য, সেবা ও উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনের সুযোগ পাবে। মন্ত্রীর ভাষ্য, এ উদ্যোগ দেশের ব্যবসা-বাণিজ্যে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে ভূমিকা রাখবে।
স্বদেশ প্রতিদিন/এস পি