
নতুন বাড়িতে ওঠা আনন্দের হলেও পরিকল্পনার অভাবে শুরুতে নানা ঝামেলায় পড়তে হতে পারে। বিদ্যুৎ, পানি ও গ্যাসের সংযোগ, ঠিকানা পরিবর্তন কিংবা প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নেওয়ার মতো বিষয়গুলো আগে থেকে ঠিক করে রাখলে বাড়ি বদলের প্রক্রিয়া সহজ হয়। নতুন বাড়িতে ওঠার সময় কয়েকটি জরুরি বিষয়ে খেয়াল রাখা প্রয়োজন।
আগেভাগে পরিকল্পনা করুন: বাড়ি বদলের অন্তত কয়েক সপ্তাহ আগে প্রস্তুতি শুরু করা ভালো। কোন জিনিস সঙ্গে নেবেন, কোনগুলো দান করবেন বা ফেলে দেবেন, তা ঠিক করে তালিকা তৈরি করুন। প্রয়োজন অনুযায়ী প্যাকিংয়ের লোক বা গাড়ি আগেই বুক করুন। ঘর অনুযায়ী বাক্সে জিনিসপত্র রাখুন এবং গায়ে ভেতরের জিনিসের নাম লিখে দিন। ওষুধ, চার্জার, প্রয়োজনীয় নথি, প্রসাধনসামগ্রী ও অতিরিক্ত পোশাক নিয়ে আলাদা একটি ব্যাগ রাখুন, যাতে প্রথম দিন প্রয়োজনীয় জিনিস খুঁজতে সমস্যা না হয়।
ইউটিলিটি সেবা নিশ্চিত করুন: পুরোনো বাড়ির বিদ্যুৎ ও পানির বিল পরিশোধ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্থানান্তরের বিষয়টি জানান। ব্রডব্যান্ড, ডিটিএইচ, গ্যাসসহ অন্যান্য সেবা বাতিল বা নতুন ঠিকানায় স্থানান্তরের ব্যবস্থা করুন। নতুন বাড়িতে ওঠার আগে বিদ্যুৎ, পানি ও গ্যাসের সংযোগ ঠিক আছে কি না পরীক্ষা করুন। দুই বাড়ির মিটার রিডিং লিখে ছবি তুলে রাখুন। পাশাপাশি বাড়ির মালিক বা কর্তৃপক্ষের কাছ থেকে রক্ষণাবেক্ষণ খরচ, পার্কিং ও অন্যান্য নিয়ম জেনে নিন।
বাড়ি পরীক্ষা ও পরিষ্কার করুন: আসবাবপত্র আনার আগে দেয়াল, ছাদ, জানালা, দরজা, তালা, পানির কল, ড্রেন ও বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা করুন। কোনো ত্রুটি বা ক্ষতি থাকলে ছবি তুলে রাখুন। এরপর ঘর, রান্নাঘর, বাথরুম, আলমারি ও মেঝে ভালোভাবে পরিষ্কার করুন। কীটপতঙ্গ বা স্যাঁতসেঁতে ভাব থাকলে জিনিসপত্র গুছিয়ে নেওয়ার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নিন।
ঠিকানা ও নথিপত্র হালনাগাদ করুন: ব্যাংক, বিমা, কর্মস্থল, পরিচয়পত্র, পাসপোর্ট, গাড়ির নিবন্ধন, শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইন শপিং অ্যাকাউন্টে নতুন ঠিকানা জানান। প্রয়োজন অনুযায়ী ঠিকানার প্রমাণপত্র ও নির্ধারিত ফরম জমা দিন। বাড়িভাড়ার চুক্তিপত্র, পরিচয়পত্রের কপি ও বিভিন্ন রসিদ এক জায়গায় সংরক্ষণ করুন। পরিবার, বন্ধু ও ডেলিভারি সেবাগুলোকেও নতুন ঠিকানা জানিয়ে দিন।
নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের দিকে নজর দিন: নতুন বাড়ির দরজার তালা বদলে নেওয়া বা নতুন চাবি তৈরি করা ভালো। দরজা-জানালা, বৈদ্যুতিক সুইচ ও গ্যাস সংযোগ পরীক্ষা করুন। প্রাথমিক চিকিৎসার বাক্স ও অগ্নিনির্বাপক যন্ত্র হাতের কাছে রাখুন। শিশু বা পোষা প্রাণী থাকলে জানালা, বারান্দা ও বৈদ্যুতিক সকেটের নিরাপত্তা নিশ্চিত করুন। প্রথমেই বিছানা, রান্নাঘর ও বাথরুম গুছিয়ে নিন। এরপর প্রতিদিন অল্প অল্প করে বাক্স খুলে ঘর সাজান। এতে নতুন বাড়িতে মানিয়ে নেওয়া সহজ হবে।
স্বদেশ প্রতিদিন/এস পি