প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৪:৫৯ পিএম

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা এম তাহসিফ সাউরি হত্যা মামলায় আহমেদ শাহরিয়ার রেজা দীপকে আরও তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। চার দিনের রিমান্ড শেষে মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক ফিরোজ উদ্দিন দীপকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, চার দিনের জিজ্ঞাসাবাদে দীপ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তবে হত্যার মূল রহস্য উদ্ঘাটনে কয়েকটি প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন। দীপের দেওয়া তথ্য যাচাই করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে তাহসিফকে বাসা থেকে ডেকে বাইরে নিয়ে যান। পরে তাহসিফ, দীপ ও মামলার আরেক সন্দেহভাজন আসামি জেরিকা তাসনিম দিশা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেন। একপর্যায়ে দিশা বাসায় চলে যান। পরে ২৮ অক্টোবর রাত ১২টা ৪০ মিনিটের দিকে তাহসিফ ও দীপ টঙ্গীর মাজার বস্তি এলাকায় যান। সেখান থেকে তুরাগ নদীর তীরবর্তী একটি মাঠে যাওয়ার পর কয়েকজন লোককে দেখে তাঁরা আলাদা হয়ে যান বলে দাবি করেছেন দীপ।
পুলিশের আবেদনে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, মোবাইল ফোনের কল ডিটেইলস রেকর্ড (সিডিআর) বিশ্লেষণ, হত্যার উদ্দেশ্য ও ঘটনাস্থল শনাক্ত এবং অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য দীপকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে। ফুটেজে দেখা গেছে, ২৭ অক্টোবর রাত ১০টা ১৭ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বারে তাহসিফ ও তাঁর বান্ধবী প্রবেশ করেন। কিছুক্ষণ পর দীপ সেখানে যান। তিনজন প্রায় দেড় ঘণ্টা অবস্থানের পর বেরিয়ে যান। পরে তাহসিফের বান্ধবীকে বাসায় পৌঁছে দেওয়া হয় বলে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
গত ২৮ অক্টোবর বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাটসংলগ্ন এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ি। এ ঘটনায় তাঁর বাবা কে এম এনায়েতুল করিম ৩১ অক্টোবর উত্তরখান থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। পরে দীপকে গ্রেপ্তার দেখায় পুলিশ। মামলার তদন্ত চলছে।
স্বদেশ প্রতিদিন/এস পি