প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৩:৪৯ পিএম

অপহরণের দীর্ঘ ১০ দিন পর উদ্ধার হয়েছেন মানিকগঞ্জের বিশ্ববিদ্যালয়ের ছাত্র হৃদয়ন আনসারী (২৫) । অপহরণকারীরা তাকে টাংগাইল জেলার মির্জাপুরে এলাকায় ফেলে রেখে যায়।
মঙ্গলবার(৩ নভেম্বর) সকালে এক ট্রাক চালকের সহায়তায় নবীনগর পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছান হৃদয়ন। এর পর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বাসা নিয়ে যান।
হৃদয়ন আনসারী ঘিওর উপজেলার মৃত আব্দুল মান্নান আনসারীর ছোট ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে রাজধানীর নিউ ইস্কাটন এলাকায় বসবাস করছেন। তিনি বিবিএ পড়ার পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি করতো।
পরিবার ও ভুক্তভোগীর দেওয়া তথ্যানুযায়ী, গত ২৪ অক্টোবর (শনিবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরের কালিয়াকৈর থানাধীন সফিপুর এলাকায় বড় বোনের বাসা থেকে ঢাকার মগবাজারের উদ্দেশ্যে রওনা হন হৃদয়ন। পথিমধ্যে আব্দুল্লাহপুর থেকে মগবাজার যাওয়ার উদ্দেশ্যে প্রভাতী বনশ্রী বাসে ওঠেন। বাসটি উত্তরা আজমপুর এলাকায় পৌঁছালে তার পাশে মাস্ক পরা এক ব্যক্তি এসে বসেন। এর পরপরই হৃদয়ন সচেতনতা ও স্মৃতি হারিয়ে ফেলেন। রাত সাড়ে ৯টার পর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
হৃদয়নের বড় ভাই শাহরিয়ার আনসারী জানান, অপহরণকারীরা তাকে (হৃদয়ন)একটি অন্ধকার ঘরে আটকে রেখেছিল। সারাদিনে মাত্র একবার খাবার দেওয়া হতো এবং সারাক্ষণ হাত ও চোখ বাঁধা থাকত। সোমবার (২ নভেম্বর) রাতে তার ভাইকে টাংগাইল জেলার মির্জাপুর এলাকায় চোখ বাঁধা অবস্থায় ফেলে রেখে যায়। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে একটি ট্রাকের চরে তার ভাই নবীনগরের পল্লিবিদ্যুৎ এলাকায় এসে এক জনের মোবাইল ফোন থেকে মায়ের সাথে যোগাযোগ করে। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে ঢাকার বাসায় নিয়ে আসা হয়েছে। টানা ৯ দিন বন্দি থাকায় হৃদয়ন মারাত্মক অসুস্থ হয়ে পড়েছে। তার শরীরে জ্বর ও ব্যথা রয়েছে এবং কথা বলতে কিছুটা অস্পষ্টতা দেখা দিচ্ছে। তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছে।
শাহরিয়ার আনসারী আরও বলেন, অপহরণের পর দিন (২৫ অক্টোবর) ভোরে একটি অপরিচিত নম্বর থেকে কল দিয়ে হৃদয়নকে জীবিত ফেরাতে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। অপহরণকারীদের দেওয়া বিকাশ ও নগদ নম্বরে দফায় দফায় ৪০ হাজার টাকা পাঠান। কিন্তু টাকা পেয়েও তারা ভাইকে ছেড়ে না দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। এ ছাড়া হৃদয়নের মোবাইল ফোন, ইমেইল, বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টের সব পাসওয়ার্ড হাতিয়ে নেয় চক্রটি।
এদিকে, অপহৃদ হৃদয়নকে উদ্ধারের দাবিতে গত সোমবার (২ নভেম্বর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের বানিয়াজুরী বাসস্ট্যান্ডে হাজার হাজার শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের অংশগ্রহণে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
স্বদেশ প্রতিদিন/এস পি