প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ২:২৫ পিএম

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে মিরপুর-১১ মেট্রোরেল স্টেশন থেকে প্রায় ২০০ মিটার দূরে কালশী সড়কে একটি সুপারশপের সামনে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যের নাম মো. সাইমন। তিনি পল্লবী থানার কনস্টেবল। হামলার সময় তাঁর কাছ থেকে অস্ত্র কেড়ে নিয়ে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পরে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হয়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, মিরপুর-১১ এলাকা থেকে শ্রমিকদের ছত্রভঙ্গ করার পর তাঁরা কালশীর দিকে সরে যান। এ সময় ওই এলাকায় যাওয়ার পথে দলছুট অবস্থায় কনস্টেবল সায়মনের ওপর হামলা হয়। এ ঘটনায় ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, মিরপুর-১১ নম্বরে শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে চার পুলিশ সদস্য আহত হয়েছেন।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১১ মেট্রোরেল স্টেশনের নিচে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সকাল থেকে পল্লবী শিল্পাঞ্চলের বিভিন্ন পোশাক কারখানার সামনে কয়েক হাজার শ্রমিক অবস্থান নেন। পরে তাঁরা সড়কে নামলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। সংঘর্ষের কারণে মেট্রোরেল স্টেশনের ভেতরে অনেক যাত্রী আটকা পড়েন।
স্বদেশ প্রতিদিন/এস পি