
মানবিকবিদ্যা, গল্পকথন, সমকালীন উদ্বেগ এবং মানবজাতির ভবিষ্যৎ নিয়ে আলোচনার মধ্য দিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) শেষ হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজের (ডিইএমএল) আয়োজনে ৩০ ও ৩১ অক্টোবর ‘মানবিকবিদ্যার মুখোমুখি: উদ্বেগ, গল্পকথন ও ভবিষ্যৎ ভাবনা’ শীর্ষক এ সম্মেলনে ২৯টি দেশের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
সম্মেলনের দ্বিতীয় দিনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিউক ইউনিভার্সিটির জেমস বি. ডিউক সম্মানসূচক অধ্যাপক (সাহিত্য) এবং ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসের ইংরেজি বিভাগের বিশিষ্ট গবেষণা অধ্যাপক এন. ক্যাথরিন হেইলস। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. নাজিয়া মনজুর, অধ্যাপক ড. একিউএমএ রহমান ভূঁইয়া এবং সহযোগী অধ্যাপক ড. শাকিলা নূর।
অধ্যাপক হেইলসের প্রবন্ধের শিরোনাম ছিল ‘কগনাইজিং আদার্স: হিউম্যান ফিউচার্স উইথ আওয়ার ননহিউম্যান সিমবায়োন্টস’। তাঁর প্রবন্ধে মানুষ ও মানুষের বাইরের সহাবস্থানকারী সত্তার মধ্যকার সম্পর্ক এবং মানবজাতির ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হয়। তাঁর বক্তব্যে মানব অস্তিত্বের অর্থ, প্রযুক্তিগত পরিবর্তন এবং পরিবেশগত বাস্তবতার প্রেক্ষাপটে মানুষ ও অন্যান্য সত্তার পারস্পরিক সম্পর্কের বিষয়টি গুরুত্ব পায়। সম্মেলনের মূল প্রতিপাদ্য - উদ্বেগ, গল্পকথন ও ভবিষ্যৎ ভাবনার সঙ্গে তাঁর আলোচনার বিষয়বস্তুরও যোগসূত্র ছিল।
দ্বিতীয় দিনের কর্মসূচিতে আরও ছিল তিনটি একাডেমিক সেশন। এদিন ‘নিউ ক্রিটিক্যাল ফ্রন্টিয়ার্স ইন দ্য হিউম্যানিটিজ’ শীর্ষক প্লেনারি উপস্থাপন করেন ব্র্যাক ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ফিরদৌস আজিম। এ ছাড়া ‘স্টোরিজ অব দ্য এনট্যাঙ্গলড ওয়ার্ল্ড: রাইটিং অ্যাক্রস বাউন্ডারিজ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকেরা অংশ নেন।
এর আগে ৩০ অক্টোবর অনুষ্ঠিত সম্মেলনের প্রথম দিনের কার্যক্রম শুরু হয় এনএসইউর মূল অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট নেতৃবৃন্দ ও অতিথিরা। তাঁদের মধ্যে ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান ও সদস্য জনাব বেনজীর আহমেদ, এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী এবং স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক মুহাম্মদ রিজওয়ানুল ইসলাম। উদ্বোধনী মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের ওয়েলেসলি কলেজের উইমেনস অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক বানু সুব্রামানিয়াম। ‘মাইগ্র্যান্ট ইকোলজিস: টুওয়ার্ডস অ্যান এনভায়রনমেন্টাল হিউম্যানিটিজ অব প্লেস’ শীর্ষক তাঁর প্রবন্ধে আন্তবিষয়ক দৃষ্টিকোণ থেকে অভিবাসন ও পরিবেশবিষয়ক মানবিকবিদ্যার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
প্রথম দিনের কর্মসূচিতে ছিল ‘এনকাউন্টারিং আওয়ার প্রেজেন্ট: ইংলিশ স্টাডিজ নাউ’ শীর্ষক গোলটেবিল আলোচনা, পোস্টার প্রদর্শনী এবং বিভিন্ন ভেন্যুতে একাধিক একাডেমিক সেশন। এ ছাড়া দুটি প্লেনারি উপস্থাপনা অনুষ্ঠিত হয়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক এ এম এম হামিদুর রহমান ‘স্টোরিটেলিং টু অ্যালিভিয়েট ফিয়ার অব লার্নিং’ শীর্ষক বক্তব্য উপস্থাপন করেন। অন্যদিকে, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের অধ্যাপক ও ডিন বখতিয়ার আহমেদ ‘ল্যাঙ্গুয়েজ অ্যাজ দ্য পোর্টাল: ট্রেইলিং হিস্ট্রি, কালচার অ্যান্ড সোসাইটি থ্রু স্টোরিজ’ শীর্ষক প্লেনারি উপস্থাপন করেন।
মূল প্রবন্ধ, প্লেনারি উপস্থাপনা, গোলটেবিল আলোচনা ও গবেষণাভিত্তিক মতবিনিময়ের মধ্য দিয়ে সম্মেলনে মানবিকবিদ্যার পরিবর্তনশীল ভূমিকা, সমকালীন মানবিক অভিজ্ঞতা এবং ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে আন্তবিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়।