প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৩:৩২ পিএম

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) মাঠে নির্মিত বাণিজ্য মেলার প্রধান অস্থায়ী ফটকসহ বিভিন্ন স্থাপনা ভেঙে ক্যাম্পাসে ফিরেছেন শিক্ষার্থীরা। সোমবার (২ নভেম্বর) দুপুর ১টা ১০ মিনিটের দিকে স্থাপনা ভাঙার কাজ শেষ করে তারা ক্যাম্পাসে ফিরে যান।
এর আগে দুপুর ১২টার দিকে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের মাঠে প্রবেশ করে মেলার বিভিন্ন স্থাপনা ভাঙচুর শুরু করেন। এ সময় বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে যাওয়া দুটি ট্র্যাক্টর ব্যবহার করা হয়। একপর্যায়ে মেলার প্রধান অস্থায়ী প্রবেশ ফটকটিও ভেঙে ফেলেন তারা।
বিশ্ববিদ্যালয়ের মাঠ ফিরিয়ে দেওয়ার দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, মাঠে বাণিজ্য মেলা বা অন্য কোনো বাণিজ্যিক আয়োজন করা যাবে না। মাঠটি খেলাধুলা, শিক্ষা ও গবেষণার কাজে ব্যবহারের উপযোগী করে দিতে হবে। একই সঙ্গে মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা বাতিল এবং সেখানে কোনো স্থায়ী বা অস্থায়ী স্থাপনা নির্মাণ না করার দাবি জানিয়েছেন তারা। এর আগে ২৭ অক্টোবর মাঠে মাটি পরীক্ষার কাজে বাধা দেন শিক্ষার্থীরা। পরদিন ২৮ অক্টোবর মেলার প্রধান প্রবেশ ফটকসহ বিভিন্ন অস্থায়ী স্থাপনা ভাঙচুর করেন তারা। মাঠ উদ্ধারের দাবিতে কয়েক দফায় সড়ক অবরোধও করেন। সর্বশেষ ১ নভেম্বর চীন মৈত্রী সিগন্যাল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
স্বদেশ প্রতিদিন/এস পি