প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৫:১৬ পিএম

কোপা ট্রফিতে বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কারের জন্য লিওনেল মেসির ভোট পেয়েছেন বেয়ার লেভারকুসেনের আলজেরিয়ান মিডফিল্ডার ইব্রাহিম মাজা। পুরো ভোটের তালিকায় মেসি ছাড়া আর কেউ তাঁকে ভোট দেননি। ফুটবল কিংবদন্তির কাছ থেকে এমন স্বীকৃতি পাওয়ার বিষয়টি প্রথমে বিশ্বাসই করতে পারেননি ২০ বছর বয়সী এই তরুণ।
কোপা ট্রফিতে ভোট দেওয়ার সুযোগ পান সাবেক ব্যালন ডি’অরজয়ীরা। এবারের ভোটে মেসির পছন্দের শীর্ষে ছিলেন স্পেনের লামিন ইয়ামাল ও পাউ কুবারসি। তাঁদের পর তৃতীয় পছন্দ হিসেবে মাজাকে রেখেছিলেন আর্জেন্টাইন তারকা। জার্মান সংবাদমাধ্যম কিকারকে দেওয়া সাক্ষাৎকারে মাজা জানান, বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলেও তিনি ম্যাচে মনোযোগ ধরে রাখতে চেয়েছিলেন। পরে একের পর এক বার্তা আসতে থাকায় খবরটির সত্যতা জানতে ম্যাচ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করেন। ভিএফবি স্টুটগার্টের কাছে ৪-২ গোলে হারের পর তিনি বলেন, ‘মেসির কাছ থেকে এমন কিছু আশা করিনি।’ তিনি আরও বলেন, ‘এই স্বীকৃতি পাওয়া এবং মেসির মতো একজন ফুটবলারের পছন্দের তালিকায় জায়গা করে নেওয়া আমার জন্য অনেক বড় সম্মানের।’
জাতীয় দলের হয়ে এখনো গোল বা অ্যাসিস্ট করতে না পারলেও ক্লাব ফুটবলে ভালো ছন্দে রয়েছেন মাজা। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচে তিনটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও তিনটি। ২০২৫ সালের গ্রীষ্মে লেভারকুসেনের সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ হন তিনি। বিশ্বকাপে আর্জেন্টিনা ও আলজেরিয়ার মুখোমুখি লড়াইয়েও মেসি ও মাজা একই ম্যাচে খেলেছিলেন। সেই ম্যাচে আলজেরিয়া ৩-০ গোলে হারে।
স্বদেশ প্রতিদিন/এস পি