প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৪:৫৩ পিএম

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলনের পঞ্চম দিনে উত্তপ্ত হয়ে উঠেছে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চল। সোমবার সকালে আশুলিয়ার নরসিংহপুর ও নিশ্চিন্তপুর এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে দেড় শতাধিক শ্রমিক আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আহত হয়েছেন শিল্প পুলিশের কয়েকজন সদস্যও।
সংঘর্ষের মধ্যে বেলা ১২টার দিকে নরসিংহপুরের নদী ফিলিং স্টেশনের সামনে একটি পোশাক কারখানার কাভার্ড ভ্যানে আগুন দেওয়া হয়। শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের কারণে শিল্পাঞ্চলের অনেক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। গত কয়েক দিনের আন্দোলনে সাভার ও আশুলিয়ায় ২৩০টি পোশাক কারখানায় ছুটি দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়। এদিকে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের সময় ইটের আঘাতে শিল্প পুলিশ-১-এর এএসপি শোয়েব আহমেদ সামান্য আহত হয়েছেন।
আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান, সোমবার দুপুর দেড়টার দিকে বাইপাইল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা শ্রমিক, নাকি বহিরাগত—তা যাচাই করা হচ্ছে। সাভারের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু আন্দোলনে বহিরাগতদের সম্পৃক্ততার অভিযোগ করেছেন। অন্যদিকে শ্রমিকদের দাবি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে তাঁরা আন্দোলন করছেন।
স্বদেশ প্রতিদিন/এস পি