প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ২:০৭ পিএম

যুদ্ধবিধ্বস্ত গাজার শিশুদের চিকিৎসায় এক লাখ পাউন্ডের বেশি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকা অনুদান সংগ্রহের কথা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী। এ উদ্যোগে অংশ নেওয়া, অনুদান দেওয়া ও সমর্থন জোগানো সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নিজের ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে হামজা বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা গাজার শিশুদের জন্য ১০০০০০ পাউন্ডেরও বেশি অর্থ সংগ্রহ করতে পেরেছি।’ এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার জন্য নুজুম স্পোর্টসকে বিশেষ ধন্যবাদ জানান তিনি। মুসলিম ক্রীড়াবিদদের মানসিক স্বাস্থ্য ও ধর্মীয় অনুশাসন পালনে সহায়তা করে সংস্থাটি।
হামজা জানান, সংগৃহীত পুরো অর্থ গাজার যেসব শিশুর জরুরি চিকিৎসার জন্য অন্যত্র সরিয়ে নেওয়া প্রয়োজন, তাদের সহায়তায় ব্যয় করা হবে। এ কাজে ‘চিলড্রেন নট নাম্বারস’ নামে একটি সংস্থা সহযোগিতা করছে। হামজার ভাষায়, গাজার মানুষের বিপুল দুর্ভোগের তুলনায় এই উদ্যোগের অবদান সামান্য হলেও ছোট প্রচেষ্টাও পরিবর্তন আনতে পারে। ভবিষ্যতে আরও সহায়তার প্রত্যাশা জানিয়ে তিনি ফিলিস্তিনের মানুষের জন্য শান্তি ও স্বস্তি কামনা করেন।
স্বদেশ প্রতিদিন/এস পি