প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৫:২৩ পিএম

পোশাকশ্রমিকদের আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট কোনো আন্দোলন এখন চলছে না। শ্রমিকদের দাবি অনুযায়ী মজুরি বোর্ড গঠন করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) বিকেলে সচিবালয়ে গার্মেন্টস শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মজুরি বোর্ড গঠনের দাবিতে শ্রমিকেরা কখনো সড়ক-মহাসড়ক অবরোধ করেননি। আন্দোলনে গ্রেপ্তার হওয়া মুখোশধারীদের রাজনৈতিক স্লোগান দিতেও দেখা গেছে। বৈঠকে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। তাঁরা নিজেদের বিভিন্ন দাবি তুলে ধরেন।
এর আগে সকালে গার্মেন্টস মালিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সালাহউদ্দিন আহমদ জানান, সব পক্ষের সঙ্গে আলোচনা করে নির্দিষ্ট সময়ের মধ্যে শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে। তিনি বলেন, ১ নভেম্বর মজুরি বোর্ড গঠন করা হয়েছে। শিগগিরই বোর্ডের সভা করে শ্রমিকদের জীবনমান ও বাস্তবতা বিবেচনায় মজুরি নির্ধারণ করা হবে। প্রধানমন্ত্রীও শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ ও জীবনমান উন্নয়নের বিষয়ে সহানুভূতিশীল হওয়ার পরামর্শ দিয়েছেন বলে জানান তিনি।
স্বদেশ প্রতিদিন/এস পি