প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৫:৪১ পিএম

খোলাবাজারে খাদ্যশস্য বিক্রি (ওএমএস) কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও জনবান্ধব করতে ডিলারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন মানিকগঞ্জের জেলা প্রশাসক (ডিসেম্বর) ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে ওএমএস কমিটির সদস্য, ডিলার ও সুবিধাভোগীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, ওএমএসের চাল ও আটা বিতরণে নির্ধারিত নিয়মনীতি যথাযথভাবে অনুসরণ করতে হবে। সরকারি খাদ্যশস্য বিতরণে অনিয়ম ও অব্যবস্থাপনা রোধে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকতে হবে।
তিনি আরও বলেন, ওএমএস কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। সরকারি সহায়তা যেন প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছায়, সে বিষয়ে সবাইকে আন্তরিক হতে হবে। খাদ্যশস্য বিতরণের প্রতিটি পর্যায়ে নিয়মনীতি মেনে চলার পাশাপাশি দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না।
সাধারণ মানুষের জন্য সরকারের খাদ্যসহায়তা কার্যক্রম সফল করতে ডিলারদের আন্তরিকতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর জোর দিয়ে তিনি কর্মকর্তা, ডিলার ও সুবিধাভোগীদের মধ্যে পারস্পরিক সমন্বয় বাড়ানোর পরামর্শ দেন।
জেলা প্রশাসন ও জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই সভায় অন্য বক্তারাও ওএমএস কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং প্রকৃত সুবিধাভোগীদের কাছে খাদ্যসহায়তা পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন।
সভায় আরও বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস এবং জেলা খাদ্য নিয়ন্ত্রক আশিক মাহমুদসহ অন্যান্য ওএমএস ডিলারবৃন্দ।
সভায় জেলা ওএমএস কমিটির সদস্য, ডিলার, সুবিধাভোগী এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/এস পি