প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১২:২০ পিএম

হ্যালোইন উৎসব ঘিরে ফ্রান্সজুড়ে বিশৃঙ্খলা ও সহিংসতার আশঙ্কা করছে দেশটির সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার (৩১ অক্টোবর) দেশজুড়ে ৭০ হাজার পুলিশ ও জেন্ডারমেরি সদস্য মোতায়েনের ঘোষণা দিয়েছে ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি সাঁজোয়া যান ও জলকামানসহ নিরাপত্তা সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ ঘোষণা দেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘৩১ অক্টোবর জনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার অত্যন্ত উচ্চ ঝুঁকি রয়েছে।’ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে চলমান বিক্ষোভের কিছু অংশ লুটপাট ও দাঙ্গায় রূপ নেওয়ায় হ্যালোইনের দিন নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত শনিবার দেশজুড়ে বিক্ষোভে প্রায় ৪ লাখ ১০ হাজার মানুষ অংশ নেন। তবে শ্রমিক সংগঠনগুলোর দাবি, বিক্ষোভকারীর সংখ্যা সরকারি হিসাবের প্রায় দ্বিগুণ ছিল। এর আগের সপ্তাহের বিক্ষোভে ২ হাজার ৭০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছিল বলে জানিয়েছে মন্ত্রণালয়। সম্ভাব্য বিক্ষোভ, লুটপাট ও সহিংসতা ঠেকাতে এবার বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে ফরাসি কর্তৃপক্ষ।
স্বদেশ প্রতিদিন/এস পি