প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৯:০১ পিএম আপডেট: ২৯.১০.২০২৬ ৯:০২ PM

জাপান থেকে ঢাকায় ফেরার পথে যান্ত্রিক ত্রুটির কারণে আটকে আছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট। দুই ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও ত্রুটি সারানো সম্ভব হয়নি। এ অবস্থায় প্রধানমন্ত্রী ও তাঁর প্রতিনিধিদলের সদস্যরা বিমান থেকে নেমে গেছেন। অন্য যাত্রীদেরও নেওয়া হয়েছে বিমানবন্দরের লাউঞ্জে।
বিমানটির পাইলট ইমামুল জানিয়েছেন, প্রকৌশলীরা ত্রুটি সারাতে কাজ করছেন। তবে এ জন্য আরও দুই থেকে আড়াই ঘণ্টা সময় লাগতে পারে। স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে বিমান কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, ত্রুটি মেরামতে আরও আড়াই ঘণ্টা সময় প্রয়োজন হতে পারে।
স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ফ্লাইটটির টোকিও থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়নের কথা ছিল। তবে নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পর ককপিট থেকে পাইলট যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রায় বিলম্বের কথা জানান এবং এ জন্য দুঃখপ্রকাশ করেন। পরে বিমানটি টারমাকে ফিরিয়ে নেওয়া হয়।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে গত ২৬ অক্টোবর টোকিও যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিনি জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। এ ছাড়া জাপানের বিভিন্ন বেসরকারি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
এসব বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার এবং বিনিয়োগ সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পায়। পাশাপাশি কৃষি, অবকাঠামো উন্নয়ন, সাইবার নিরাপত্তা, তথ্যপ্রযুক্তি ও শিল্প খাতের মানোন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
প্রধানমন্ত্রীর সফর শেষে দেশে ফেরার যাত্রায় এ যান্ত্রিক ত্রুটির কারণে তাঁর ও সফরসঙ্গীদের নির্ধারিত সময়সূচিতে বিলম্ব হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ