প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ AM

তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরীর (২৮) মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় ৫০ গজ দূরে তাঁর ব্যবহৃত মোটরসাইকেল পাওয়া গেছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান মোস্তফা কামাল এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘ঘটনাস্থলের কাছাকাছি থেকে তাহসিফের মোটরসাইকেলটি উদ্ধার করেছি।’ পিবিআইয়ের এক পুলিশ সুপার জানান, মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় ৫০ গজ দূরে মোটরসাইকেলটি পাওয়া গেছে। তবে পিবিআই সদর দপ্তরের পুলিশ সুপার আবু ইউসুফ বলেন, মোটরসাইকেলটি তাহসিফের কি না, তা যাচাই করা হচ্ছে। তাঁরা তদন্তে নৌ পুলিশকে সহায়তা করছেন।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় আহমেদ শাহরিয়ার রেজা দীপ নামের এক ব্যক্তির সঙ্গে বাসা থেকে বের হন তাহসিফ। তাঁর মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার রাতে দীপকে হেফাজতে নেয় পিবিআই ঢাকা মেট্রো উত্তর। পিবিআইয়ের এক পুলিশ সুপার জানান, দীপের দাবি, ঘটনাস্থলে কথা বলার সময় কয়েকজন ধাওয়া করলে তাহসিফ নদীতে ঝাঁপ দেন এবং তিনি পালিয়ে যান। জিজ্ঞাসাবাদে পাওয়া এ তথ্যসহ অন্যান্য বিষয় যাচাই-বাছাই করছে পিবিআই।
স্বদেশ প্রতিদিন/এস পি