প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৫:২২ পিএম

নরসিংদীতে নির্মাণাধীন একটি ভবনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, মাদকদ্রব্য ও নগদ ১০ লাখ ৭১ হাজার টাকা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১। এ ঘটনায় বাড়ির মালিক শরীফ ভূঁইয়াকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১টা পর্যন্ত নরসিংদী সদর উপজেলার ঘোড়াদিয়া এলাকার ভূঁইয়া বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। শরীফ ভূঁইয়ার একটি নির্মাণাধীন ভবন ও আশপাশের এলাকায় চালানো এ অভিযানে অংশ নেয় এসআরবি-১১-এর ডগ স্কোয়াড।
বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-১১-এর সিপিএসসি নরসিংদী ক্যাম্পের সহকারী পুলিশ সুপার আল মাসুদ খান।
এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি বিদেশি রিভলবার, একটি দেশীয় তৈরি পাইপগান, রিভলবারের ১২ রাউন্ড, পিস্তলের ২৭ রাউন্ড এবং থ্রি নট থ্রি রাইফেলের দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ছাড়া ছয় রাউন্ড ব্ল্যাংক কার্তুজ, ৪১ রাউন্ড শর্টগানের কার্তুজ, নয়টি চাপাতি ও ছোরা এবং ৭৫ বোতল নিষিদ্ধ স্কার্ফ সিরাপ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ১০ লাখ ৭১ হাজার টাকা জব্দ করা হয়।
সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার আল মাসুদ খান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ঘর থেকে মজুত করা অস্ত্র, মাদক ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এলাকার কোনো অপরাধী চক্র অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে এসব অস্ত্র ও মাদক সেখানে মজুত করেছিল।
তিনি আরও জানান, অভিযান চলাকালে বাড়ির মালিক শরীফ ভূঁইয়াকে পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
অপরাধ ও মাদকের বিরুদ্ধে এসআরবি-১১-এর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
স্বদেশ প্রতিদিন/এস পি