প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৫:২৮ পিএম

হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানে শাশুড়ি জাহানারা বেগমকে হত্যার দায়ে জামাতা অলিউর রহমান অলিকে (৪২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১টার দিকে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক কাঁকন দে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত অলিউর রহমান অলি মাধবপুর উপজেলার তুলশীপুর (অলিপুর) গ্রামের মো. ইউনুছ আলীর ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আদালতের স্টেনোগ্রাফার মো. মুখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৮ সালের ২৯ মে সকালে স্বর্ণালংকার কেনার কথা বলে শাশুড়ি জাহানারা বেগমকে বাড়ি থেকে ডেকে নিয়ে বের হন জামাতা অলি। এরপর থেকেই জাহানারা বেগম নিখোঁজ ছিলেন। নিখোঁজের তিন দিন পর, ১ জুন চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানের ওয়াচ টাওয়ারের দক্ষিণ পাশের একটি বেতবাগান থেকে এক নারীর গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরদিন পত্রিকায় প্রকাশিত ছবি ও সংবাদ দেখে মরদেহটি নিজের মায়ের বলে শনাক্ত করেন জাহানারা বেগমের ছেলে মিজানুর রহমান। এ ঘটনায় তিনি বাদী হয়ে অলিউর রহমানকে একমাত্র আসামি করে চুনারুঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে ২০১৯ সালের ১৪ জানুয়ারি আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ২১ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষে আদালত এই রায় দেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. গুলজার আহমেদ খান। রায় শেষে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, "১৬ জনের সাক্ষ্য, আসামির নিজের স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া আলামতের ভিত্তিতে রাষ্ট্রপক্ষ জামাতার বিরুদ্ধে আনা অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলো।"
স্বদেশ প্রতিদিন/এস পি