প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১১:৫৭ AM আপডেট: ৩০.১০.২০২৬ ১২:১৯ PM

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫, সিপিএসসি, কক্সবাজার রামুর কচ্ছপিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে।
বৃহস্পতিবার ২৯ অক্টোবর এসআরবি জানতে পারে কতিপয় ব্যক্তি মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদে গোয়েন্দা নজরদারি ও তৎপরতায় আভিযানিক দল কচ্ছপিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিণ মৌলভীরকাটা কেচোবুুনিয়াছড়া জেবর মল্লিকের চাষের জমিতে বিশেষ অভিযান চালায়। আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা দৌড়ে পালানোর চেষ্টাকালে খালেদা বেগম (৪০) নামে এক নারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতার খালেদার স্বীকারোক্তি ও দেখানো মতে দক্ষিণ মৌলভীরকাটা কেচোবুুনিয়াছড়া দক্ষিণ পশ্চিম দিকে জেবর মল্লিকের চাষের জমির পাশে বাঁশের সাকো সংলগ্ন নালার পানির নিচে তল্লাশী চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৩ লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতার খালেদা কচ্ছপিয়া দক্ষিণ মৌলভীরকাটা এলাকার বাসিন্দা। তার পিতা কাদের হোছন। তার বিরুদ্ধে মাদক কারবার ও পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট তাঁর দুই ছেলেসহ একাধিক সহযোগী পলাতক রয়েছে। পলাতক মাদক কারবারিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।
গ্রেফতার নারী মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে উদ্ধার ইয়াবা রামু থানায় হস্তান্তর হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি