প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১০:২৪ AM

বিশ্ববাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। অপরিশোধিত তেলের দাম কমে আসা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমিত হওয়ার সম্ভাবনা এবং মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ কিছুটা কমে আসায় স্বর্ণের বাজারে এ ঊর্ধ্বগতি দেখা গেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা।
প্রতিবেদন অনুযায়ী, সোমবার (২৬ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১২টার দিকে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০.৬ শতাংশ বেড়ে ৪ হাজার ২০ দশমিক ৬০ ডলারে দাঁড়ায়। এর আগে শুক্রবার দাম কমে ৩ হাজার ৯৭৫ ডলারে নেমেছিল, যা ২০ জুলাইয়ের পর সর্বনিম্ন। স্টোনএক্সের জ্যেষ্ঠ বাজার কৌশলবিদ বব হ্যাবারকর্নের মতে, তেলের দাম কমে আসা এবং কম দামে স্বর্ণ কেনার প্রবণতা বাজারে ইতিবাচক প্রভাব ফেলছে। ফেডের সিদ্ধান্ত ঘোষণার আগপর্যন্ত স্বর্ণের দাম প্রতি আউন্স ৪ হাজার ডলারের আশপাশে থাকতে পারে।
বুধবার ফেডের সুদের হারের সিদ্ধান্ত ঘোষণার কথা রয়েছে। সুদের হার অপরিবর্তিত থাকার সম্ভাবনা থাকলেও মূল্যস্ফীতি পরিস্থিতি নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ রয়েছে। এ ছাড়া বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ভোগব্যয় মূল্যসূচকের (পিসিই) তথ্য প্রকাশের কথা রয়েছে। এসব অর্থনৈতিক তথ্য ও নীতিগত সিদ্ধান্ত স্বর্ণের দামের পরবর্তী গতিপথে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা।
স্বদেশ প্রতিদিন/এস পি