প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৩:০৮ পিএম

মন্ত্রী ও প্রতিমন্ত্রীর একান্ত সচিব (পিএস) হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের তিন সদস্যের পদায়ন কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারিক দায়িত্বের বাইরে নির্বাহী বিভাগে বিচারকদের পদায়নের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিচারপতি মো. তৌফিক এনামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস।
আইনজীবী রাশেদুল হক খোকন গত ২১ সেপ্টেম্বর এ রিট করেন। আবেদনে বলা হয়, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস গঠন বিধিমালা, ২০২৫-এর তফসিলে নির্ধারিত পদগুলোর বাইরে তিন বিচারককে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর একান্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা হলেন—স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস হিসেবে পদায়ন করা কামরুল হাসান, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর পিএস জি এম ফারহান ইসতিয়াক এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর পিএস মো. আবু বকর সিদ্দিক।
রিটে ওই তিন বিচারককে নির্বাহী বিভাগের পদে নিয়োগ দিয়ে জারি করা প্রজ্ঞাপনগুলোর বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। পাশাপাশি বিধিমালার তফিলের বাইরে বিচারিক কর্মকর্তাদের বদলি বা নিয়োগ না দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে মন্ত্রণালয়ে পিএস হিসেবে দায়িত্ব পালন করা ওই তিন বিচারককে প্রত্যাহার করে জুডিসিয়াল সার্ভিসে পদায়নের নির্দেশনাও চেয়েছেন রিট আবেদনকারী।
স্বদেশ প্রতিদিন/এস পি