প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৫:০৯ পিএম

সিলেটের বহুল আলোচিত রায়হান আহমদ হত্যা মামলায় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির বহিষ্কৃত ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তিন আসামিকে যাবজ্জীবন এবং দুজনকে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুল মজিদ মুন্সী ১৫৭ পৃষ্ঠার রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মোহাম্মদ মুমিনুল ইসলাম মোমিন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন কনস্টেবল মো. হারুন অর রশিদ, কনস্টেবল টিটু চন্দ্র দাস ও এসআই মো. হাসান উদ্দিন। তাঁদের মধ্যে হারুন ও টিটুকে এক লাখ টাকা করে এবং হাসান উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে, এএসআই আশেক এলাহী ও সাংবাদিক আবদুল্লাহ আল নোমানকে সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁদের জরিমানাও করা হয়েছে। রায় ঘোষণার সময় আশেক এলাহী আদালতে উপস্থিত ছিলেন; বাকি পাঁচ আসামি পলাতক রয়েছেন।
মামলার নথি অনুযায়ী, ২০২০ সালের ১১ অক্টোবর রাতে সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান আহমদকে তুলে নিয়ে নির্যাতন করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্ত ও তদন্ত প্রতিবেদনে তাঁর শরীরে ৯৭টি আঘাতের চিহ্ন এবং হাত-পায়ের নখ উপড়ে ফেলার প্রমাণ পাওয়া যায়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ৬১ জন সাক্ষীর সাক্ষ্য ও যুক্তিতর্ক শুনানি শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
স্বদেশ প্রতিদিন/এস পি