প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৫:০০ পিএম

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জিঞ্জিরাম নদীতে ডুবে পাঁচ বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের চরবামনের চর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু একই গ্রামের নবীছানের ছেলে নাইম ও সুরুজ মিয়ার ছেলে আবদুল্লাহ। তারা সম্পর্কে চাচাতো ভাই।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে মাকে খুঁজতে বাড়ির পাশের জিঞ্জিরাম নদীর কাছে যায় শিশু দুটি। পরে তারা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নদীর পানিতে তাদের অচেতন অবস্থায় ভাসতে দেখা যায়। পরে উদ্ধার করে রৌমারী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম জানান, মাকে খুঁজতে গিয়ে শিশু দুটি নিখোঁজ হয়। পরে নদীতে তাদের ভাসতে দেখে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউছার আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি