প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৫:১৯ পিএম

জাপানের টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে ফ্লাইটটির উড্ডয়নের কথা থাকলেও ত্রুটির কারণে যাত্রা স্থগিত করা হয়। এতে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের অপেক্ষা করতে হচ্ছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, বিজি-৩৭৭ ফ্লাইটটির বোর্ডিং শেষে উড়োজাহাজটিকে টার্মিনাল থেকে পুশব্যাক করা হয়। পরে রানওয়ের দিকে যাওয়ার সময় ককপিটে স্পয়লারের ত্রুটিসংক্রান্ত সংকেত দেখা যায়। নিরাপত্তার স্বার্থে পাইলট উড্ডয়ন স্থগিত করে উড়োজাহাজটিকে পার্কিং এলাকায় ফিরিয়ে নেন। এরপর প্রকৌশলীরা ত্রুটি শনাক্ত ও মেরামতের কাজ শুরু করেন।
প্রকৌশলীদের প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, ত্রুটি মেরামত করে উড়োজাহাজটিকে পুনরায় উড্ডয়নযোগ্য করতে দুই থেকে তিন ঘণ্টা সময় লাগতে পারে। তবে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা শেষ হওয়ার ওপরই পরবর্তী যাত্রা নির্ভর করছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ ত্রুটির বিষয়টি নিশ্চিত করে জানান, প্রকৌশলীরা মেরামতের কাজ করছেন।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সফরে গত ২৬ অক্টোবর টোকিও যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিনি জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক করেন। এ ছাড়া দেশটির বিভিন্ন বেসরকারি ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও তাঁর বৈঠক হয়।
স্বদেশ প্রতিদিন/এস পি