প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১:৫০ পিএম

সৌদি আরবে নিরাপত্তাঝুঁকির কথা উল্লেখ করে দেশটিতে কর্মরত জরুরি দায়িত্বে নেই—এমন মার্কিন সরকারি কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যদের সৌদি আরব ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস নতুন করে এ নিরাপত্তা সতর্কতা জারি করেছে।
গত ২৩ অক্টোবর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এ-সংক্রান্ত নির্দেশনা জারির পর আবারও নাগরিকদের সতর্ক করল দূতাবাস। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে জানানো হয়, ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে সৌদি আরবের যেকোনো বিমানবন্দর ব্যবহার করতে মার্কিন সরকারি কর্মীদের মিশনপ্রধানের বিশেষ অনুমোদন নিতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে নতুন করে হামলা হতে পারে। এ ছাড়া আকাশসীমা বন্ধ, ফ্লাইট বাতিল ও যাতায়াতে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। এসব ঝুঁকি বিবেচনায় দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে এবং ভ্রমণ পরিস্থিতির পরিবর্তন সম্পর্কে নিয়মিত খোঁজ রাখতে বলা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি