প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১১:৩৭ AM

দীর্ঘ ১১ বছর পর লিবিয়ার আকাশসীমায় আন্তর্জাতিক বিমান চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে। দেশটির পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, ২০১৫ সালে গৃহযুদ্ধের সময় জাতিসংঘের আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইসিএও) এসব বিধিনিষেধ আরোপ করেছিল। গত ২৩ অক্টোবর তা প্রত্যাহারের সিদ্ধান্ত জানানো হয়। এর ফলে দেশটির আকাশসীমা দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
লিবিয়ার পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ সালের শীতকালীন মৌসুমে প্রতি মাসে দেশটির আকাশসীমা ব্যবহারের জন্য ৬১ হাজার ৯৬৮টি ফ্লাইটের অনুমতি চাওয়া হয়েছে। আগের শীতকালীন মৌসুমে প্রতি মাসে গড়ে মাত্র ২ হাজার ফ্লাইট লিবিয়ার আকাশসীমা ব্যবহার করত। ফ্লাইট চলাচল বাড়লে আকাশসীমা ব্যবহারের ফি থেকে দেশটির রাজস্ব আয়ও বাড়বে বলে আশা করছে মন্ত্রণালয়। আইসিএওর সিদ্ধান্তটি বাস্তবায়নের জন্য সংস্থাটির ১৯৩টি সদস্যদেশের কাছে পাঠানো হবে।
২০১১ সালে ন্যাটো-সমর্থিত অভ্যুত্থানে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর লিবিয়ায় অস্থিতিশীলতা শুরু হয়। ২০১৪ সালে সংঘাতের কারণে ত্রিপোলি আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারবাসসহ প্রায় ২০টি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তী সময়ে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গৃহযুদ্ধের কারণে দেশটি পূর্ব ও পশ্চিমাঞ্চলভিত্তিক দুই প্রশাসনে বিভক্ত হয়ে পড়ে। বর্তমানে সীমিতসংখ্যক বিমান সংস্থা লিবিয়ায় ফ্লাইট পরিচালনা করছে। দেশটি থেকে মূলত তিউনিসিয়া, জর্ডান, তুরস্ক, মিসর, সৌদি আরব ও সুদানে যাতায়াতের সুযোগ রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি