প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১১:৪১ AM

খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গত ২৬ অক্টোবর (সোমবার) বিকেল ৩টার পর আসলাম সিকদার নামে এক ব্যক্তি তাঁকে ফোন করে এ হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন। সরকারি দায়িত্ব পালনরত একজন কর্মকর্তাকে এভাবে হুমকি দেওয়ার ঘটনায় স্থানীয় চিকিৎসক মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর (সোমবার) বিকেলে +৮৮০ ১৯৫০-৯৯৯১৭৮ নম্বর থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদের মুঠোফোনে কল আসে। অভিযোগ অনুযায়ী, ফোনের অপর প্রান্ত থেকে আসলাম সিকদার কোনো পূর্ব আলোচনা ছাড়াই তাঁকে ভয়ভীতি দেখাতে শুরু করেন। একপর্যায়ে তিনি ‘হয় অর্থ, নয় রক্ত’—এ দুটির একটি দিতে হবে বলে হুমকি দেন।
এ সময় ডা. আহসানারা বিনতে আহমেদ তাকে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানালে অভিযুক্ত ব্যক্তি আরও বেপরোয়া আচরণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ওই স্বাস্থ্য কর্মকর্তা।
ডা. আহসানারা বিনতে আহমেদ জানান, কোনো কারণ ছাড়াই এ ধরনের সরাসরি প্রাণনাশের হুমকি অত্যন্ত উদ্বেগজনক। নিজের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এদিকে, সরকারি দায়িত্ব পালনরত একজন স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকি দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সুধীজন ও চিকিৎসকরা। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আওয়াল কবীর জানান, বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে ফোনটি করা হয়েছিল। দেশের বিভিন্ন স্থান থেকে একটি চক্র এ ধরনের ফোন করে চাঁদা দাবি করছে বলেও প্রাথমিকভাবে জানা গেছে। হুমকিদাতাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
স্বদেশ প্রতিদিন/এস পি