প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১১:০৪ AM

টানা নয় মাস বন্ধ থাকার পর আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপ। আগামী ১৫ মার্চ পর্যন্ত পর্যটকেরা দ্বীপটি ভ্রমণ করতে পারবেন। প্রতিদিন সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটক যাওয়ার সুযোগ পেলেও সেখানে রাতযাপনের অনুমতি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বুধবার কক্সবাজারে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান জানিয়েছেন, রাতযাপনের বিষয়ে নতুন কোনো নির্দেশনা আসেনি; আগের প্রজ্ঞাপনের শর্ত বহাল রয়েছে। বৈঠকে প্রশাসনের কর্মকর্তা, পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠান, জাহাজমালিক, হোটেল-রেস্তোরাঁমালিক ও ট্যুর অপারেটরদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। হোটেল ও জাহাজমালিকেরা পুরো পর্যটন মৌসুমে রাতযাপনের সুযোগ চান। অন্যদিকে, পরিবেশবাদীরা দ্বীপের জীববৈচিত্র্য রক্ষায় অন্তত নভেম্বর মাসে রাতযাপন বন্ধ রাখার পক্ষে মত দিয়েছেন।
এবার পর্যটকদের পরিবেশ সংরক্ষণ ফি হিসেবে ১০০ টাকা দিতে হবে এবং সরকার নির্ধারিত ১২টি বিধিনিষেধ মানতে হবে। অনুমোদিত জাহাজে যাতায়াত, অনলাইনে টিকিট সংগ্রহ এবং সৈকতে আলো জ্বালানো, উচ্চ শব্দ সৃষ্টি, বারবিকিউ পার্টি, কেয়াবনে প্রবেশ ও মোটরচালিত যানবাহন চলাচলের ওপর বিধিনিষেধ রয়েছে। পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণেও নজরদারি করা হবে। দ্বীপে পর্যটক যাতায়াত শুরু হলে স্থানীয় ব্যবসা-বাণিজ্য চাঙা হবে বলে আশা করছেন বাসিন্দারা।
স্বদেশ প্রতিদিন/এস পি