প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১০:২৯ AM

কঠোর নিরাপত্তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের তৃতীয় চালানের পারমাণবিক জ্বালানি নিয়ে বিশেষ লরি পাবনার ঈশ্বরদীতে রুপপুর প্রকল্প এলাকায় পৌঁছেছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৭টা ৪৬ মিনিটে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী তিনটি লরি প্রকল্প এলাকায় পৌঁছায়। এর আগে সোমবার সকাল ৮টা ১৪ মিনিটে ৪১ টন পারমাণবিক জ্বালানি নিয়ে রাশিয়ার একটি বিশেষ কার্গো বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
এর আগে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছিল, দ্বিতীয় ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি কার্গো বিমানে অতিরিক্ত ৪৮টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি বাংলাদেশে আনার পরিকল্পনা রয়েছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের মধ্যে দ্বিতীয় ইউনিটের নির্মাণকাজ শেষ পর্যায়ে রয়েছে। ইউনিটটির জন্য প্রয়োজনীয় পারমাণবিক জ্বালানি সরবরাহের অংশ হিসেবে এসব চালান বাংলাদেশে আসছে।
নিরাপত্তার বিষয়ে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, ইউরেনিয়ামবাহী গাড়ি বহরটি নির্বিঘ্নে পৌঁছানোর লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট সার্বক্ষণিক কঠোর নিরাপত্তাবলয় গড়ে তোলে। কোনো ধরনের বিঘ্ন যাতে না ঘটে, সেজন্য পাবনা-নাটোর-কুষ্টিয়া মহাসড়কে সব ধরনের যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
স্বদেশ প্রতিদিন/এস পি