প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৪:৪৩ পিএম

নওগাঁর পত্নীতলা উপজেলার নিরমইল ইউনিয়নের জামালপুর গ্রামের ভূমিহীন মানুষের সম্মিলিত আবাসন উদ্যোগ আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। জাতিসংঘের মানববসতি বিষয়ক সংস্থা ইউএন-হ্যাবিটাটের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক ফোরামে ‘Collective Housing Award’ পেয়েছে গ্রামটির কমিউনিটিনির্ভর এই উদ্যোগ। রোববার (২৬ অক্টোবর) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়।
প্ল্যাটফর্ম অব কমিউনিটি অ্যাকশন অ্যান্ড আর্কিটেকচার (POCAA)-এর মাধ্যমে পুরস্কারের জন্য উদ্যোগটির অভিজ্ঞতা জমা দেওয়া হয়। পরে ‘Collective Initiatives of the Community’ ক্যাটাগরিতে এটি নির্বাচিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, জামালপুর গ্রামের ভূমিহীন মানুষের আবাসন সংকট মোকাবিলায় সম্মিলিত উদ্যোগে গড়ে ওঠে এই কার্যক্রম। ভূমির অধিকার প্রতিষ্ঠা, নিজেদের সঞ্চয়, যৌথ সম্পদের ব্যবহার এবং অংশগ্রহণমূলক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে ৪৯টি ভূমিহীন পরিবার খাসজমিতে নিজেদের ঘর নির্মাণ করেন। পারস্পরিক সহযোগিতা ও স্থানীয় মানুষের নেতৃত্বে গড়ে ওঠা এই উদ্যোগ ভূমিহীন পরিবারগুলোর আবাসন নিশ্চিত করার পাশাপাশি সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়নের একটি দৃষ্টান্ত তৈরি করেছে।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী অধ্যাপক ড. ইয়োসানান ওয়ংসাওয়াত এবং ইউএন-হ্যাবিটাটের নির্বাহী পরিচালক আনাক্লাউদিয়া রসবাখ উপস্থিত ছিলেন।
জামালপুর গ্রামের এই অর্জন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এবং দেশের জন্য গর্বের বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তাঁদের মতে, স্থানীয় মানুষের নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা এবং নিজস্ব সম্পদের কার্যকর ব্যবহারের মাধ্যমে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সম্ভব। জামালপুর গ্রামের এই উদ্যোগ তারই একটি উদাহরণ।
আন্তর্জাতিক এই স্বীকৃতির মাধ্যমে পত্নীতলার জামালপুর গ্রামের নাম দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিসরে পরিচিতি পেয়েছে। একই সঙ্গে ভূমিহীন মানুষের আবাসন সংকট সমাধানে স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগের গুরুত্বও নতুন করে সামনে এসেছে।
স্বদেশ প্রতিদিন/এস পি