প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১২:৫৭ পিএম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের বি-২ ধাপের ফিজিক্স টেস্টসহ প্রয়োজনীয় সব পরীক্ষা ও কার্যক্রম সম্পন্ন হয়েছে। পরীক্ষার প্রতিবেদন বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে। সংস্থাটির চূড়ান্ত অনুমোদন পেলেই ইউনিটটি বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতিমূলক ধাপ ‘সি স্টেজ’ বা পাওয়ার স্টার্টআপে প্রবেশ করবে। প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ২৫ অক্টোবরের দিকে এ কার্যক্রম শুরুর প্রস্তুতি চলছে। তবে তা নির্ভর করছে নিয়ন্ত্রণ সংস্থার অনুমোদনের ওপর।
রূপপুর প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় ২০ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ সফর করেছে রাশিয়ার উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। রোসাটমের প্রথম উপমহাপরিচালক ও অ্যাটমস্ট্রয়এক্সপোর্টের (এএসই) প্রেসিডেন্ট আন্দ্রেই পেত্রোভের নেতৃত্বে দলটি বৃহস্পতিবার বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকীর মাহবুব আনামের সঙ্গে বৈঠক করে। এ সময় প্রকল্পের নির্মাণকাজ, প্রথম ইউনিটের ক্রিটিক্যাল পর্যায় এবং সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা হয়। শুক্রবার রাশিয়ার দূতাবাসের বিজ্ঞপ্তি ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে এ তথ্য জানানো হয়।
এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান জানান, প্রাথমিক পর্যায়ে সীমিত পরিসরে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। পরবর্তী ধাপগুলো সফলভাবে সম্পন্ন হলে ধীরে ধীরে উৎপাদন বাড়ানো হবে। প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের আশা, উৎপাদনক্ষমতা ৩০ থেকে ৩৫ শতাংশে পৌঁছালে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। সে অনুযায়ী, চলতি বছরের শেষ দিকে প্রথম ইউনিট থেকে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার প্রত্যাশা করা হচ্ছে। তবে এ সময়সূচি নির্ভর করবে পরীক্ষার প্রতিটি ধাপ সফলভাবে সম্পন্ন করা ও প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার ওপর।
স্বদেশ প্রতিদিন/এস পি