প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১:২৮ পিএম

পটুয়াখালীর গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে গিয়ে অসাধু জেলেদের হামলার শিকার হয়েছেন মৎস্য বিভাগ ও পুলিশের যৌথ টিমের সদস্যরা। এতে গলাচিপা থানার এক পুলিশ কনস্টেবল ও অভিযানে ব্যবহৃত স্পিডবোটের চালক আহত হয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বুড়াগৌরাঙ্গ নদীর কালিরচর পয়েন্টে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন গলাচিপা থানার পুলিশ কনস্টেবল মো. জসিম এবং স্পিডবোট চালক মো. শাহজালাল। তাঁদের উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, নদীর বুড়াগৌরাঙ্গ কালিরচর এলাকায় অসাধু জেলেরা অবৈধভাবে ইলিশ শিকার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে মৎস্য বিভাগ ও পুলিশের একটি যৌথ টিম স্পিডবোট নিয়ে অভিযানে নামে। কালিরচর পয়েন্টে ১০-১২ জনের একদল জেলেকে ট্রলার নিয়ে মাছ ধরতে দেখে অভিযানকারী দলটি তাদের ধাওয়া করে।
অভিযানকারীরা ট্রলারের কাছাকাছি পৌঁছামাত্র জেলেরা অতর্কিতভাবে লাঠিসোঁটা ও বৈঠা নিয়ে হামলা চালায়। এতে চালক শাহজালাল আহত হন। তাঁকে রক্ষা করতে গিয়ে কনস্টেবল জসিমের হাত কেটে গুরুতর রক্তাক্ত জখম হয়। হামলার পরপরই জেলেরা একটি ডাবল ইঞ্জিনের দ্রুতগতির ট্রলার নিয়ে পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন জানান, ‘‘সরকারি টিমের ওপর হামলার ঘটনায় একজন পুলিশ সদস্য ও বোট চালক আহত হয়েছেন।’’
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, সরকারি কাজে বাধা প্রদান ও পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। হামলায় জড়িত অসাধু জেলেদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি