প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১:৪১ পিএম আপডেট: ২৪.১০.২০২৬ ২:২৮ PM

গাজীপুরের কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গোডাউনে আগুন লেগেছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোডাউনে কার্টন, সুতা ও অন্যান্য দাহ্য সামগ্রী মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রথমে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পরিস্থিতি বিবেচনায় আরও ইউনিট পাঠানো হয়। আগুন যাতে গোডাউন থেকে কারখানার মূল প্ল্যান্ট ও আশপাশের স্থাপনায় ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য সতর্কতার সঙ্গে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।
স্বদেশ প্রতিদিন/এস পি