প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ২:০৩ পিএম

এসএসসি ও সমমানের পরীক্ষায় ২০২৬ সালে গোল্ডেন জিপিএ-৫ অর্জনকারী প্রায় ৪০ হাজার শিক্ষার্থীকে একটি করে ল্যাপটপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষার্থীদের মেধা বিকাশ, প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি ও আন্তর্জাতিক মানের সঙ্গে দেশের শিক্ষাব্যবস্থার সামঞ্জস্য নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
গত ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে শিক্ষা খাতের উন্নয়নে এ পরিকল্পনাসহ বেশ কিছু প্রস্তাব তুলে ধরা হয়। বৈঠকের কার্যবিবরণী অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জন্য ৫৭ হাজার ৩০১ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে, যা আগের সংশোধিত বাজেটের তুলনায় ৪২ দশমিক ৭ শতাংশ বেশি।
বৈঠকে প্রায় ৭০ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর বকেয়া পাওনা ইএফটি ও আইবাস++ পদ্ধতিতে সরাসরি ব্যাংক হিসাবে পাঠানোর উদ্যোগের কথাও জানানো হয়। পাশাপাশি শর্ত পূরণকারী শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রবীণ শিক্ষকদের দ্রুত এমপিওভুক্তি, ২০৩০ সালের মধ্যে কারিগরি শিক্ষায় ভর্তির হার ৩০ শতাংশে উন্নীত করা এবং মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থী ঝরে পড়ার কারণ অনুসন্ধানে গবেষণার সুপারিশ করা হয়েছে। শিক্ষার গুণগত মান বাড়াতে বছরভিত্তিক শিখনফল মূল্যায়ন ও দীর্ঘমেয়াদি জাতীয় শিক্ষানীতি প্রণয়নের ওপরও গুরুত্ব দেওয়া হয়।
স্বদেশ প্রতিদিন/এস পি