প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ১২:১২ পিএম আপডেট: ১৮.১০.২০২৬ ১২:২৭ PM

জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ বৃহত্তর চট্টগ্রামের গুণীজনদের সংবর্ধনা ও ৩৩ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিয়েছে চট্টগ্রাম সমিতি-ঢাকা। শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর তোপখানা রোডে সমিতির নিজস্ব ভবনের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. হাবিবুল গণি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সমিতি-ঢাকার সভাপতি ইমেরিটাস অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান।
অনুষ্ঠানে মহান স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ডা. জাফরুল্লাহ চৌধুরী, ইমেরিটাস অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম ও নভেরা আহমেদ; একুশে পদকপ্রাপ্ত আইয়ুব বাচ্চু, ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া ও মোহাম্মদ ইউসুফ চৌধুরী এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক ড. সুলিমুল্লাহ খানের অবদানের স্বীকৃতি হিসেবে তাঁদের ও তাঁদের প্রতিনিধিদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন সমিতির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন চৌধুরী, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জকরিয়া, হাসপাতাল কমিটির চেয়ারম্যান জয়নুল আবেদীন জামাল, সমিতির সাবেক সভাপতি ও সাবেক কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী, অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হকসহ অন্যরা। এ ছাড়া ২০২৩-২০২৪ ও ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যয়নরত ৩৩ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক দেওয়া হয়।
স্বদেশ প্রতিদিন/এস পি