প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১২:৫২ পিএম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে শুরু হচ্ছে টানা পাঁচ দিনের সরকারি ছুটি। আগামী ২৪ অক্টোবর পর্যন্ত এ ছুটি চলবে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, শেয়ারবাজার ও আদালতের কার্যক্রমও ছুটির আওতায় থাকবে। তবে জরুরি পরিষেবা ও প্রয়োজনীয় কিছু প্রতিষ্ঠানের কার্যক্রম চালু থাকবে।
ছুটির আওতার বাইরে থাকবে বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট এবং ডাক সেবার মতো জরুরি পরিষেবা। হাসপাতাল, জরুরি চিকিৎসাসেবা, চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মীরাও দায়িত্ব পালন করবেন। ওষুধ ও চিকিৎসাসামগ্রী পরিবহনের কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরাও এ ছুটির বাইরে থাকবেন। জরুরি দাপ্তরিক কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট অফিসও প্রয়োজন অনুযায়ী চালু থাকবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ২০ অক্টোবর মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে এবং ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে। ২২ অক্টোবরও ছুটি ঘোষণা করা হয়েছে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচ দিনের অবকাশ মিলছে। ব্যাংকের কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে। বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান ও কলকারখানার ছুটির বিষয়ে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নির্দেশনা দেবে।
স্বদেশ প্রতিদিন/এস পি