
ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে উদ্ভাবনী শক্তি জাগ্রত করার লক্ষ্যে স্কুল ও কলেজ পর্যায়ে জাঁকজমকপূর্ণভাবে বিজ্ঞান মেলা আয়োজনের সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, এমপি।
বৈঠকে কমিটির সদস্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপি; এ জেড এম রেজওয়ানুল হক, এমপি; আনোয়ারুল ইসলাম, এমপি; মোহাম্মদ ফাহিম চৌধুরী, এমপি; কে এম বাবর, এমপি; সানসিলা জেবরিন, এমপি; সালাহ উদ্দিন, এমপি; মারদিয়া মমতাজ, এমপি এবং আব্দুল গফুর, এমপি অংশগ্রহণ করেন।
বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত এবং স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরগুলোর কর্মকর্তাদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে স্বাগত বক্তব্যে সভাপতি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ এবং ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
বৈঠকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থাগুলোর সার্বিক কার্যক্রম উপস্থাপন করা হয়।
কমিটি ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে উদ্ভাবনী শক্তি জাগ্রত করতে স্কুল ও কলেজ পর্যায়ে জাঁকজমকপূর্ণভাবে বিজ্ঞান মেলা আয়োজনের সুপারিশ করে। পাশাপাশি নতুন নতুন উদ্ভাবন এবং সেগুলো বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে মন্ত্রণালয়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়।
বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/এফএইচ