প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৩:১৫ পিএম

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার অনলাইনে ফরম পূরণ শুরু হবে আগামী ১৬ নভেম্বর। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৩ নভেম্বর পর্যন্ত বিলম্ব ফি ছাড়া ফরম পূরণ করা যাবে। বিলম্ব ফিসহ ফরম পূরণ করা যাবে ২৪ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত। পরীক্ষার্থীদের ফরম পূরণ ও ফি জমার ক্ষেত্রে বোর্ডের নির্ধারিত সময়সীমা ও নির্দেশনা অনুসরণ করতে হবে।
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সব বিষয়ে অংশ নিয়ে উত্তীর্ণ হলেও জিপিএ-৫-এর কম পাওয়া শিক্ষার্থীরা নিবন্ধনের মেয়াদ থাকলে ২০২৭ সালে জিপিএ উন্নয়নের সুযোগ পাবে। এ জন্য তাদের সব বিষয়ে ২০২৬ সালের পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী পরীক্ষা দিতে হবে। নতুন ফলাফলে জিপিএ বাড়লে সেটি গ্রহণ করা হবে, অন্যথায় আগের জিপিএ বহাল থাকবে। জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীদের আগের পরীক্ষার প্রবেশপত্র ও একাডেমিক ট্রান্সক্রিপ্টের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। বহিষ্কৃত পরীক্ষার্থীরা শাস্তির মেয়াদ শেষ হওয়া এবং নিবন্ধনের মেয়াদ থাকা সাপেক্ষে অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিতে পারবে।
২০২৩-২৪ ও ২০২৪-২৫ শিক্ষাবর্ষে নিবন্ধিত যেসব শিক্ষার্থী ২০২৫ ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেয়নি, তারা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে ২০২৭ সালের পরীক্ষায় অংশ নিতে পারবে। ২০২৬ সালে চতুর্থ বিষয় বাদে এক থেকে চার বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা নিবন্ধনের মেয়াদ থাকা সাপেক্ষে অকৃতকার্য বিষয়গুলো অথবা সব বিষয়ে পরীক্ষা দিতে পারবে। ২০২৫ সালের পরীক্ষায় এক থেকে তিন বিষয়ে অকৃতকার্য হয়ে ২০২৬ সালে অংশ না নেওয়া বা আবার অকৃতকার্য হওয়া শিক্ষার্থীরাও নির্ধারিত শর্তে সুযোগ পাবে। এ ছাড়া ২০২২-২৩ শিক্ষাবর্ষে নিবন্ধিত, চতুর্থ বিষয় বাদে একটি বিষয়ে অকৃতকার্য এবং নিবন্ধনের মেয়াদ শেষ হওয়া শিক্ষার্থীরা বিশেষ বিবেচনায় এক বছরের জন্য নিবন্ধন নবায়নের সুযোগ পাবে। নিয়মিত পরীক্ষার্থীদের ২০২৭ সালের সিলেবাস এবং অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের ২০২৫ ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী পরীক্ষায় অংশ নিতে হবে। জিপিএ উন্নয়ন ও আগে এসএসসিতে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের ছাড়া অন্যদের জন্য নির্বাচনী পরীক্ষায় অংশ নেওয়া বাধ্যতামূলক।
স্বদেশ প্রতিদিন/এস পি