প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৪:১৩ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে গাড়ির ধাক্কায় মার্কেটিং বিভাগের অন্তত ছয় শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
গাড়িটি চালাচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদমান সাকিব। তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. শহিদুল ইসলামের ছেলে।
প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সকালে প্রথমবারের মতো গাড়ি চালানো শেখার জন্য বাবার গাড়ি নিয়ে ক্যাম্পাসে ঘুরছিলেন সাদমান। একপর্যায়ে বিজনেস স্টাডিজ অনুষদের সামনে দিয়ে যাওয়ার সময় মার্কেটিং বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে গাড়িটির ধাক্কা লাগে। এতে অন্তত ছয়জন আহত হন।
আহত শিক্ষার্থীরা হলেন জাহিদুল ইসলাম হৃদয়, কানিজ ফাতেমা, তাসনিয়া বেগম, মিফতাহুল, তাসফিয়া তাবাসসুম ও সিদরাতুল।
ঘটনার পর সাদমান সাকিব বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে অবস্থান করছেন। তাঁর বিচার দাবিতে আহত শিক্ষার্থীদের সহপাঠীরা প্রক্টর কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে সেখানে উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।
স্বদেশ প্রতিদিন/এস পি