প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৬:৫৫ পিএম

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ৮ অক্টোবর ২০২৬ তারিখের এক প্রজ্ঞাপনের মাধ্যমে পদোন্নতি পেয়ে দেশের সর্ববৃহৎ বিশেষায়িত ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে যোগদান করেছেন আবু সাঈদ মোঃ রওশানুল হক।
দীর্ঘ ২৮ বছরেরও বেশি সময়ের সমৃদ্ধ ব্যাংকিং ক্যারিয়ারে তিনি ব্যাংকিং খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেছেন। পদোন্নতির আগে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে প্রশাসন মহাবিভাগ, পরিকল্পনা ও পরিচালন মহাবিভাগ, আন্তর্জাতিক ও হিসাব মহাবিভাগ এবং প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (ক্যামেলকো)সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
আবু সাঈদ মোঃ রওশানুল হক ১৯৯৮ সালে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক এবং প্রাইম ব্যাংক পিএলসি ও বেসিক ব্যাংক পিএলসিতে বিভিন্ন মেয়াদে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
বেসিক ব্যাংকে দীর্ঘ ২১ বছরের কর্মজীবনে তিনি শাখা ব্যবস্থাপক, ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ, সিএফও, সিআরও, ইনোভেশন অফিসার এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন মহাবিভাগের প্রধান ও সার্কেল প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
শিক্ষাজীবনে মেধাবী আবু সাঈদ মোঃ রওশানুল হক বরিশাল ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে বিএসসি (সম্মান) ও এমএসসি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে ডেটা সায়েন্স ও মেশিন লার্নিং বিষয়ে পিএইচডি গবেষণা করছেন।
এ ছাড়া তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি) থেকে ব্যাংকিং ডিপ্লোমা সম্পন্ন করেছেন। সিসকো সার্টিফায়েড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট (সিসিএনএ)সহ ডেটা সায়েন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সাইবার নিরাপত্তার ওপর দেশ-বিদেশে একাধিক প্রশিক্ষণ ও ডিগ্রি অর্জন করেছেন।
আন্তর্জাতিক ক্ষেত্রে সামাজিক ব্যাংকিং, কৃষি অর্থায়ন এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে অভিজ্ঞতা অর্জনের জন্য তিনি যুক্তরাজ্য, শেঞ্জেনভুক্ত একাধিক রাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা, মালয়েশিয়া ও সিঙ্গাপুরসহ বিশ্বের ১৫টিরও বেশি দেশ ভ্রমণ করেছেন।
স্বদেশ প্রতিদিন/এফএইচ